• ‘চোখের জল ছাড়া কিছু দেওয়ার নেই’, মুর্শিদাবাদ দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে ‘অভিভাবক’ শুভেন্দু
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • গত শুক্রবার অর্থাৎ ১৭ জুলাই মুর্শিদাবাদের (Murshidabad) কর্ণসুর্বণে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। পুলকার ও সাইকেলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৪ শিশু-সহ ৫ জনের। আজ, বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সভামঞ্চে ওঠার আগেই সোজা তিনি চলে যান স্বজনহারাদের কাছে। কথা বলেন, আশ্বাস দেন সবসময় পাশে থাকার। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব।” তবে রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।  

    বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভাস্থলে পৌঁছে প্রথমেই স্বজনহারাদের কাছে যান তিনি। তাঁদের সঙ্গে কথা বলেন। কী সমস্যা, কী অভিযোগ তা জানতে চান। সাধ্যমতো প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেন। এরপর মঞ্চ থেকে তিনি বলেন, “ছোট ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে দুর্ঘটনার স্বীকার…। দুঃখপ্রকাশের ভাষা নেই। অর্থ দিয়ে এই ক্ষতি পূরণ হয় না। তবে সরকারের দায়িত্ব রয়েছে। সরকার তা পালন করছে। আমার ব্যক্তিগতভাবে চোখের জল ছাড়া আর কিছু দেওয়ার নেই। তবে রাজ্য অর্থ সাহায্য করছে।”

    এরপরই দোষীর কঠোরতম শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, “প্রাথমিক তদন্তের পর রেল ও পুলিশ আমাকে জানিয়েছে, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই এই দুর্ঘটনা। এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি কথা দিচ্ছি কঠোরতম শাস্তি পাবে দোষী। অর্থ সাহায্য ছাড়াও পরিবার আমার কাছে কিছু চেয়েছে, আমি আমার দায়িত্ব পালন করব।” জানা গিয়েছে, আজ সভার পর হাসপাতালে দুর্ঘটনায় জখমদের দেখতে যাবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ১৭ জুলাই মুর্শিদাবাদের কর্ণসুর্বণ ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হয়েছে। রেল গেট খোলা থাকাকালীনই চলে আসে ট্রেন। সেই সময় লাইন পার করছিল এই পুলকার-সহ অন্যান্য অন্যান্য গাড়ি। দ্রুতগতিতে আসা ট্রেনটি ধাক্কা দেয় একটি সাইকেল ও পুলকারে। মৃত্যু হয় পাঁচজনের। জখম বেশ কয়েকজন। এরপরই জানা যায়, নেশাগ্রস্ত থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন গেটম্যান। ঘটনার দিনই তাঁকে সাসপেন্ড করা হয়। বহরমপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে।  
  • Link to this news (প্রতিদিন)