দুই মহিলা উঠেছিল টোটোতে, একটু পরই চালকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দিল তারা! মারাত্মক কাণ্ড
News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
যাত্রী সেজে টোটোতে উঠে চালকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে টোটো ছিনতাইয়ের চেষ্টা। সামসেরগঞ্জে গ্রেফতার দুই মহিলা। পলাতক সঙ্গে থাকা আরেক ছিনতাইবাজ।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জে যাত্রী সেজে টোটো ভাড়া করে চালকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে টোটো ছিনতাইয়ের চেষ্টা। সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা। যদিও পলাতক সঙ্গে থাকা আরেক ছিনতাইবাজ। বুধবার রাতে সামসেরগঞ্জের চস্কাপুর এলাকায় ঘটনাটি ঘটে। টোটো চালকের উপস্থিত বুদ্ধি, চিৎকার এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে যায়।
ঘটনায় এক পুরুষ অভিযুক্ত পালিয়ে গেলেও দুই মহিলাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নাসিমা বিবি (২৬)। তাঁর বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার আলিপুর বর্ণবিঘা এলাকায়। অপর ধৃত রুকসানা খাতুন (৩০), বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর-চাপাগ্রাম এলাকায়।
অভিযোগ, বুধবার সাজুর মোড় থেকে ডাকবাংলা যাওয়ার কথা বলে দুই মহিলা ও এক পুরুষ একটি টোটো ভাড়া করেন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় চস্কাপুর সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছতেই অভিযুক্তরা আচমকা টোটো চালকের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয়। এরপর চালককে নিয়ন্ত্রণে এনে টোটো নিয়ে পালানোর চেষ্টা করে। তবে আকস্মিক হামলার পরও সাহস হারাননি চালক। তিনি জোরে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে দুই মহিলাকে ধরে ফেলেন।
যদিও সুযোগ বুঝে এক পুরুষ অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে গ্রেফতার করে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও সংঘবদ্ধ ছিনতাই চক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।