• রাজ্যজুড়ে ঘণ্টার পর ঘণ্টা পুলিশি তল্লাশি, দেগঙ্গার ১৩ গ্রাম পঞ্চায়েতে কী ঘটল...ব্যাপক চাঞ্চল্য
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • রাজ্যজুড়ে পঞ্চায়েতে পুলিশি তল্লাশি, দেগঙ্গার ১৩ গ্রাম পঞ্চায়েতে চলছে নথি খতিয়ে দেখা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন সকাল থেকেই পঞ্চায়েত দফতরগুলিতে একযোগে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকাতেও সকাল সাড়ে দশ’টা নাগাদ শুরু হয় এই অভিযান।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতেই এই বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্টার এবং সংশ্লিষ্ট নথি পুলিশের হেফাজতে নেওয়া হতে পারে বলে খবর। নথিতে কোনও ধরনের অসংগতি বা অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    দেগঙ্গা ১ নম্বর ব্লকের ৯টি এবং দেগঙ্গা ২ নম্বর ব্লকের ৪টি, মোট ১৩টি গ্রাম পঞ্চায়েতে একযোগে এই তল্লাশি চলছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা নথিপত্র পরীক্ষা করে দেখছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। হাড়োয়া ২ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিপ্লব দত্ত দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের সময় ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির অভিযোগ উঠেছিল। তার বক্তব্য, এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতেই বর্তমান সরকার এই পদক্ষেপ করেছে।

    তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও রাজনৈতিক মন্তব্য করা হয়নি। নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। দেগঙ্গার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় তল্লাশি চলায় স্থানীয় মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)