মেডিক্যাল প্রবেশিকা (নিট)–এর প্রশ্নফাঁস হওয়ার কারণে গত কয়েকমাসে ১২ জন মেডিক্যাল পড়ুয়া আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। মৃত পড়ুয়াদের জন্য শ্রদ্ধা জানাতে এবং অনশনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুকের সমর্থনে হাওড়াতে অনশন করছেন এক পড়ুয়া। রোহিণী মালিক নামে ওই তরুণী গত প্রায় ছ'দিন ধরে এই অনশন চালিয়ে আসছেন বলে দাবি। তাঁকে উৎসাহ দিতে কখনও কখনও পাশে দেখা গিয়েছে অন্য তরুণ তরুণীদেরও।
বর্তমানে রোহিণী বিএড করছেন। তিনি জানান, সোনম ওয়াংচুকের দাবিকে সমর্থন জানিয়ে হাওড়ার শ্যামশ্রী মোড়ে তিনি অনশন শুরু করেছেন। স্থানীয় থানা থেকে অনুমতি নিয়েই তিনি একা অনশন চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই তাঁর সঙ্গে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা দেখা করতে আসছেন। তাঁর এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার হাওড়ার কয়েকটি স্কুলের পড়ুয়া, তাঁদের অভিভাবকরা দেখা করতে আসেন।
এ দিন বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া শহরের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশো ছাত্রছাত্রী হাওড়া ময়দানে জড়ো হন। নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারণে যে সব ছাত্রছাত্রী আত্মহত্যা করেছেন, তাঁদের আত্মার শান্তির জন্য হাতে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট মৌনতা পালন করেন। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁরা বিচারের দাবিতে সরব হন।
রোহিণী ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘আমি কোনও রাজনৈতিক দলের হয়ে এটা করছি না। শান্তিপূর্ণ ভাবে আমি অনশন করছি। আমি পড়ুয়াদের স্বার্থেই এটা করছি। আমাদের বাড়িতেও কোনও জায়গায় ক্ষতি হয়েও, সেই জায়গাটিকে মেরামত করি। গোটা বাড়ি ভেঙে ফেলি না। ঠিক সে ভাবেই আমি চাই, শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে এই অনশন করছি। সরকার যদি কোনও ঠিক কাজ করে, তা হলে স্বপক্ষে বলব। তেমনই সরকার যদি ভুল করে তার প্রতিবাদ করব।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা ওঁকে বেশ কিছুদিন ধরেই দেখছি এই প্রতিবাদ করছে। অনেক স্কুল পড়ুয়া আসছে। অনেকে ছবি তুলছে। আমাদের সমর্থন রয়েছে।’ উল্লেখ্য, নিট কেলেঙ্কারি নিয়ে গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেছে ককরোচ জনতা পার্টি। ২৮ জুন থেকে সেই প্রতিবাদে সামিল হন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক এবং তিনি আমরণ অনশন শুরু করেন।
প্রশ্ন: রোহিণী মালিক কে?
উত্তর: রোহিণী মালিক হলেন সেই তরুণী, যিনি NEET প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে হাওড়ার শ্যামশ্রী মোড়ে অনশন চালিয়ে যাচ্ছেন।
প্রশ্ন: এই অনশনের মূল দাবি কী?
উত্তর: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
প্রশ্ন: রোহিণী কতদিন ধরে অনশন করছেন?
উত্তর: তাঁর দাবি অনুযায়ী, ছয় দিন ধরে তিনি টানা অনশন চালিয়ে যাচ্ছেন।
প্রশ্ন: সোনম ওয়াংচুকের সঙ্গে এই আন্দোলনের সম্পর্ক কী?
উত্তর: রোহিণীর অনশন মূলত দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনেই শুরু হয়েছে।