দীক্ষা ভুঁইয়া: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের জবাবি ভাষণকে কার্যত বিগত সরকারের উত্তরবঙ্গ-কেন্দ্রিক প্রশাসনিক মডেলের বিরুদ্ধে চার্জশিটে পরিণত করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রশাসনিক বৈঠকের নামে সরকারি অর্থের অপচয়, ঘোষণার বাস্তবায়নে ব্যর্থতা, আমলাদের প্রকাশ্যে অপমান এবং ভাষাভিত্তিক বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি নিশানা করেন তিনি।
বিধানসভায় নিশীথ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠককে বিগত সরকার কার্যত ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এ পরিণত করেছিল। তাঁর অভিযোগ, গোটা মন্ত্রিসভা, হাজারেরও বেশি পুলিশ ও প্রশাসনিক আধিকারিককে নিয়ে উত্তরবঙ্গে সফর করে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সেই বৈঠকগুলির অধিকাংশ ঘোষণার বাস্তব প্রতিফলন মানুষের কাছে পৌঁছায়নি।
মন্ত্রী বলেন, “প্রশাসনিক বৈঠকে একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হতো। কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। কোটি কোটি টাকা ব্যয় হলেও উত্তরবঙ্গের মানুষ উন্নয়নের ফল পাননি।”
প্রশাসনিক সংস্কৃতি নিয়েও তীব্র আক্রমণ শানিয়ে নিশীথ প্রামাণিকের অভিযোগ, প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে আইএএস-সহ সিনিয়র আমলাদের অপমান ও ‘তুইতোকারি’ করা হতো, যা প্রশাসনিক নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদার পরিপন্থী। তাঁর দাবি, প্রশাসনকে অংশীদার না করে রাজনৈতিক নির্দেশ কার্যকর করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
উত্তরবঙ্গের সামাজিক ও ভাষাগত প্রশ্নেও বিগত সরকারের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ তোলেন মন্ত্রী। তিনি বলেন, উত্তরবঙ্গকে ‘সুইজারল্যান্ড’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়নের পরিবর্তে পরিচয়ভিত্তিক রাজনীতিকে উৎসাহ দেওয়া হয়েছে। একই রাজবংশী ভাষাকে পৃথক কামতাপুরী ভাষা উন্নয়ন পর্ষদ এবং রাজবংশী ভাষা উন্নয়ন পর্ষদ গঠন করে বিভাজনের চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।