• সার্ভিস রিভলভার থেকে আচমকা গুলি, ২ জওয়ানের মৃত্যু, আহত আরও ১, মালদহে BSF ক্যাম্প ভাসল রক্তে
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • মালদহে বিএসএফ ক্যাম্পের ভিতরে মর্মান্তিক কাণ্ড! সহকর্মীর গুলিতে দুই জওয়ানের মৃত্যু। গুরুতর আহত আরও এক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদহের বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার বৈষ্ণবনগর থানার অন্তর্গত ১৭ মাইল এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, আহত জওয়ানকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত দুই জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত দুই জওয়ানের নাম অজয় কুমার সিং (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। তাঁরা দু’জনেই ৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অজয় কুমার সিংয়ের বাড়ি বিহারের ছাপরা জেলার মানঝি এলাকায়। অপরদিকে, আম্বদর সুরেশ দরগুর বাড়ি মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায়। আহত জওয়ান বিকাশ ব্রহ্ম (৪৪)-ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য। তাঁর বাড়ি হুগলি জেলার কোলবা থানার মহান্দা গ্রামে।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১১৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের এক জওয়ান আচমকাই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালান। সেই গুলিতেই ঘটনাস্থলে দুই জওয়ানের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন আরও এক জওয়ান। ঠিক কী কারণে ওই জওয়ান গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিবাদ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আহত জওয়ানকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা এলাকা ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

    এই ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ। অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। কী পরিস্থিতিতে এই গুলিকাণ্ড ঘটল এবং তার প্রকৃত কারণ কী, তা জানতে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। বিএসএফের অভ্যন্তরে ঘটে যাওয়া এই ঘটনায় বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)