অটোয় বসা তরুণীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি! ভাইরাল ভিডিও, তারপর…
প্রতিদিন | ২৪ জুলাই ২০২৬
অটোয় বসা তরুণীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি যুবকের। গোটা ঘটনার ভিডিও করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ওই কলেজছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার হাবরায় (Habra)। অভিযুক্তের খোঁজে তল্লাশিতে পুলিশ।
জানা গিয়েছে, হাবড়া ২ নম্বর রেলগেট বন্ধ থাকায় অটোয় বসে অপেক্ষা করছিলেন এক কলেজছাত্রী। অভিযোগ, সেই সময় প্রকাশ্য রাস্তায় তাঁর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এলাকার এক হোটেল মালিকের ভাই রঞ্জিত বণিক। বিষয়টি টের পেয়েই ঘটনার ছবি ও ভিডিও মোবাইলে রেকর্ড করেন ছাত্রী। পরে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীচৈতন্য কলেজের ওই ছাত্রী। তা ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে হাবরা থানার পুলিশ।
বিষয়টা প্রকাশ্যে আসতেই বৃহস্পতিবার হাবড়া বিধায়ক দেবদাস মণ্ডলের নির্দেশে ২ নম্বর রেলগেট এলাকায় যান বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা সরব হন। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বিজেপি যুব মোর্চার নেতা দেবজ্যোতি দামের দাবি, রঞ্জিত বণিকের বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।