• হাবড়ায় কলেজ ছাত্রীকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি, ঘটনার মুহূর্তের ছবি ভাইরাল, অভিযুক্ত যুবককে খুঁজছে
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • হাবড়ায় কলেজছাত্রীর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তের খোঁজে পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক কলেজ ছাত্রীকে দেখে প্রকাশ্যে তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গির ওই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হাবড়া থানার পুলিশ।

    জানা গিয়েছে, হাবড়া ২ নম্বর রেলগেট বন্ধ থাকায় একটি অটোতে বসে অপেক্ষা করছিলেন শ্রীচৈতন্য কলেজের এক ছাত্রী। অভিযোগ, সেই সময় এলাকার এক হোটেল মালিকের ভাই রঞ্জিত বণিক তাঁর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী মোবাইল ফোনে ঘটনার ছবি ও ভিডিও রেকর্ড করেন। পরে তিনি সেই ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপরই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত রঞ্জিত বণিক পলাতক।

    হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। ঘটনার জেরে বৃহস্পতিবার হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডলের নির্দেশে বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা ২ নম্বর রেলগেট এলাকায় যান। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা বিক্ষোভ ও প্রতিবাদ জানান।

    বিজেপি যুব মোর্চার নেতা দেবজ্যোতি দামের দাবি, রঞ্জিত বণিকের বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তাই এই ঘটনায় দ্রুত পুলিশি পদক্ষেপ এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
  • Link to this news (News18 বাংলা)