সুন্দরবনে বড়সড় অভিযান, মাছধরা ট্রলার থেকে উদ্ধার ৪ লং ব্যারেল আগ্নেয়াস্ত্র! ধৃত ৪
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে বড়সড় অভিযানে আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের একটি সম্ভাব্য চক্রের হদিস পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। সুন্দরবন উপকূলে একটি ভারতীয় মাছধরা ট্রলারে অভিযান চালিয়ে চারটি লং ব্যারেল আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন দফতরের সহযোগিতায় সুন্দরবন উপকূলে একটি সন্দেহজনক মাছধরা ট্রলারে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ট্রলার থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। এরপর ট্রলারে থাকা চারজনকে আটক করা হয়।
৪টি লং ব্যারেল
আগ্নেয়াস্ত্র
বিপুল পরিমাণ কার্তুজ
উদ্ধার হওয়া অস্ত্রগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তদন্তকারী সংস্থাগুলি খতিয়ে দেখছে—
অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল। কোথায় পাচারের পরিকল্পনা ছিল। এর পিছনে কোনও আন্তঃসীমান্ত পাচারচক্র সক্রিয় রয়েছে কি না। ধৃতদের সঙ্গে অন্য কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে
অভিযানের পর বৃহস্পতিবার সন্ধ্যায় ধৃত চারজনকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁদের আলিপুর আদালতে তোলা হবে।
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দাবি, সমুদ্রপথে আন্তঃসীমান্ত পাচার রুখতে তারা নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোস্ট গার্ড আরও জানিয়েছে, গভীর সমুদ্রপথে চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে সংশ্লিষ্ট সমস্ত নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে অভিযান চালানো হবে।