• দু'দিন পরেই ছিল জন্মদিন, সেই শিশুর ওপর দিয়ে চলে গেল ট্যাঙ্কারের চাকা! শোকে পাথর সবাই
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • দু’দিন পর জন্মদিন, তার আগেই দুর্ঘটনায় প্রাণ হারাল নাতি-ঠাকুমা। পাঁচ বছরে পা দেওয়ার আর মাত্র দু’দিন বাকি, এর মধ্যেই দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের পীযূষ সাউ ও তার ঠাকুমা পাপিয়া সাউ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মহেশতলার জিঞ্জিরা বাজার এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ জুলাই ছিল পীযূষের পঞ্চম জন্মদিন।

    সেই উপলক্ষে বাবা প্রদীপ সাউ ও ঠাকুমা পাপিয়া সাউয়ের সঙ্গে বাইকে করে বাজার করতে বেরিয়েছিল সে। বাজার সেরে বাড়ি ফেরার পথে জিঞ্জিরা বাজার মোড়ের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। অভিযোগ, পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার তাঁদের বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি রাস্তায় পড়ে যায়। অভিযোগ, সেই সময় ট্যাঙ্কারের চাকা ছোট্ট পীযূষের ওপর দিয়ে চলে যায়।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গুরুতর জখম হন তার ঠাকুমা পাপিয়া সাউ এবং বাবা প্রদীপ সাউ। দুর্ঘটনার পর আহতদের দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পাপিয়া সাউয়ের। একই দুর্ঘটনায় নাতি ও ঠাকুমার মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে পর্ণশ্রীর সাউ পরিবার। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মহেশতলা থানার জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)