• শুক্রবারই উচ্চপর্যায়ের বৈঠকে মুখোমুখি কেন্দ্র ও আরশোলা! বদলাবে পরিস্থিতি?
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৬
  • শুক্রবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। জানা গিয়েছে, এই আলোচনায় সরকারের প্রতিনিধিত্ব করবেন কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতারা।

    দাবি করা হচ্ছে, বৈঠকে মূলত নিট বিতর্ক এবং তাকে কেন্দ্র করে পড়ুয়াদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ নিয়েই আলোচনা হবে। সরকার আলোচনার মাধ্যমে এই অচলাবস্থা নিরসনের পথ খোঁজার চেষ্টা করছে। সূত্রানুসারে, যাতে বাদল অধিবেশনে সংসদের কার্যক্রম সুষ্ঠু ভাবে চলে তা নিশ্চিত করতেই কেন্দ্র যত তাড়াতাড়ি সম্ভব উত্তেজনা প্রশমিত করে দ্রুত সমাধানে পৌঁছতে চায়। আগামিকালের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভের পথ থেকে সরে আসতেও অনুরোধ করা হবে বিক্ষোভকারীদের। 

    ‘ককরোচ’দের সমস্যা সমাধানে সরকার সর্বদা পাশে আছে। বৃহস্পতিবার এই বার্তাই দিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাফ জানিয়ে দিয়েছেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্য়েই অন্তত চারবার সরকারের তরফ থেকে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা যখন যেখানে চাইবেন সেখানেই আলোচনা হবে, এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে, নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে কবে আলোচনা হবে সেই সিদ্ধান্তও বিরোধীদের হাতেই ছেড়েছে মোদি সরকার। এর মধ্যেই এবার জানা গেল, মুখোমুখি বসতে চলেছে দু’পক্ষ। 

    প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন “ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিছুই নয়। তাঁদের ভবিষ্যৎ নিয়ে আপস করবে না সরকার। দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করাটাই আমাদের লক্ষ্য।” সব প্রশ্নফাঁসের দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

    দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। গোটা দেশের যুবসমাজের মধ্যে ককরোচ নিয়ে আগ্রহ বাড়ছে। পড়ুয়াদের ওই আন্দোলনকে কাজে লাগিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরাও। 
  • Link to this news (প্রতিদিন)