যন্তর মন্তরে চলা পড়ুয়া বিক্ষোভের আঁচ এসে লেগেছে দিল্লি মেট্রো-তেও। যন্তর মন্তরে তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এর পরেই দিল্লির ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। আজ শুক্রবার, সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ থাকবে সেন্ট্রাল দিল্লির ওই মেট্রো স্টেশনগুলি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (Delhi Metro Rail Corporation)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই স্টেশনগুলি বন্ধ রাখার কথা জানিয়েছে ডিএমআরসি।
কোন কোন স্টেশন বন্ধ
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ, সুক্রবার সকাল থেকে বন্ধ থাকবে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্ভ রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, কেন্দ্রীয় সচিবালয়, আইটিও (ITO), দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ, শিবাজি স্টেডিয়াম এবং ঝান্ডেওয়ালান মেট্রো স্টেশনগুলি। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং কেন্দ্রীয় সচিবালয় (Central Secretariat) থেকে ইন্টারচেঞ্জ সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছে ডিএমআরসি।
ভোগান্তি শিকার যাত্রীরা
প্রসঙ্গত, যন্তর মন্তরে চলা ককরোচ জনতা পার্টির বিক্ষোভের জেরে এই নিয়ে টানা তিন দিন বন্ধ থাকছে সেন্ট্রাল দিল্লির (central Delhi) মেট্রো স্টেশনগুলি। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার কারণে বুধবার ও বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে ওই একই স্টেশনগুলো বন্ধ ছিল। এর ফলে মধ্য দিল্লিতে অফিসগামী নিত্যযাত্রী, পড়ুয়া ও অন্যান্য যাত্রীরা ভোগান্তির শিকার হন।
বৃহস্পতিবার প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পরে সন্ধ্যায় সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস ও রাজীব চক এই তিনটি স্টেশনের প্রবেশপথ খুলে দেওয়া হয়। তবে অন্যান্য স্টেশনগুলি বন্ধই থাকে। তীব্র যানজটের কারণে অনেক যাত্রীকে তাঁদের যাতায়াতের পরিকল্পনা পরিবর্তন করতে হয়। বিকল্প পথ বেছে নিতে হয় অথবা সড়কপথের পরিবহনের ওপর নির্ভর করতে হয় হয় তাঁদের। এর আগে, সোমবার বিক্ষোভের কারণে জনপথ, রাজীব চক, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ এই পাঁচটি মেট্রো স্টেশন কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। নিরাপত্তারজনিত কারণ দেখিয়েই সেগুলি বন্ধ রাখা হয়।
পাশাপাশি জনপথ, যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।
এক নজরে:
FAQ
কোন এলাকার মেট্রো স্টেশন বন্ধ?
শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ থাকবে সেন্ট্রাল দিল্লি এলাকার ১৭টি মেট্রো স্টেশন
কত ক্ষণ বন্ধ থাকবে ওই স্টেশনগুলি?
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ।
কেন এই সিদ্ধান্ত?
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ওই স্টেশনগুলি বন্ধ রাখার কথা জানিয়েছে ডিএমআরসি।
যাত্রীদের কী সমস্যা হচ্ছে?
গুরুত্বপূর্ণ এলাকায় মেট্রো বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে অফিস যাত্রী এবং অন্যদের। পাশাপাশি জনপথ, যন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।