• জাতীয় সড়কের পাশে পড়ে থোকা থোকা রেশন কার্ড, পঞ্চায়েতে অডিটের মাঝেই বিরাট চাঞ্চল্য
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, ঘটনায় নতুন করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় ৩০টি ডিজিটাল রেশন কার্ড উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে প্যাকেটবন্দি অবস্থায় একাধিক রেশন কার্ড পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল।

    জানা গিয়েছে, উদ্ধার হওয়া রেশন কার্ডগুলির অধিকাংশই নবলা এবং বেলঘড়িয়া ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। তবে এগুলি বৈধ নাকি অবৈধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। নৃপেন মণ্ডলের অভিযোগ, এর পিছনে দালাল চক্রের হাত থাকতে পারে। তাঁর দাবি, বর্তমানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অডিট চলছে। সেই পরিস্থিতিতে দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রমাণ লোপাট বা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

    দিনের আলোয় জাতীয় সড়কের ধারে এভাবে সরকারি ডিজিটাল রেশন কার্ড পড়ে থাকার ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দারাও। কে বা কারা এই কার্ডগুলি সেখানে ফেলে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া রেশন কার্ডগুলির উৎস, বৈধতা এবং কীভাবে সেগুলি সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ফুলিয়া এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে।

    উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটির অফিসগুলি থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংরক্ষণ করতে চলেছে রাজ্য পুলিশ। আগামী দিনে জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে কোনও সময় তদন্তের প্রয়োজন হলে সেক্ষেত্রে সংরক্ষণে থাকা এই সার্টিফিকেটগুলি নিয়ে তারা তদন্ত করতে পারবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের এই নির্দেশ রাজ্য পুলিশের তরফে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। তারই মাঝে জাতীয় সড়কে এভাবে রেশন কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)