• ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি! অভিষেকের বিরুদ্ধে দায়ের নতুন এফআইআর
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৬
  • আরও বিপাকে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ২০৩১ সালে সুদ-সহ হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নতুন করে আইনি জটে জড়ালেন তিনি। জানা যাচ্ছে, বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন রাজীব সরকার নামে এক যুবক। বিতর্কিত মন্তব্যের ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    বিষয়টা ঠিক কী? সম্প্রতি বেআইনি নির্মানের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে চলে বুলডোজার। ঘটনার দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে তোপ দাগেন তিনি। বলেন, “এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ  ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।” এরপরও আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।” এই মন্তব্য আদতে হুমকি বলে দাবি করে এবার বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে।

     সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে -সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। ডিজে ও সই জাল মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে অভিষেকের কাছে। এবার বাকি সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছে। কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)