• সম্ভাব্য অশান্তির কথা বিবেচনা করেই অনশন ভঙ্গ সোনামের, আর কী জানালেন তিনি?
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, ২৪ জুলাই: বৃহস্পতিবার মধ্যরাতে অনশন ভঙ্গ করেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলি-ও। মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্টে ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য অশান্তির কথা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, সরকারের সঙ্গে যে শর্তগুলির ভিত্তিতে সমঝোতা হয়েছে, সেগুলি পরে বিস্তারিতভাবে একটি ভিডিও বার্তায় তুলে ধরবেন। একই সঙ্গে দেশবাসীকে শান্ত থাকার এবং কোনও ধরনের হিংসাত্মক পরিস্থিতি এড়িয়ে চলার আহ্বান জানান তিনি ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত আগের মতো সুস্থ হয়ে ওঠার জন্য তিনি সোনম ওয়াংচুককে অনুরোধ জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন। এদিকে, সিজেপি প্রধান  অভিজিৎ দিপকে ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, 'নিজের জীবনকে বাজি রেখে ওয়াংচুক গোটা দেশকে ভাবতে বাধ্য করেছেন।  তবে একই সঙ্গে সিজেপি তাদের দাবি থেকে সরে আসেনি। দলের পক্ষ থেকে এখনও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছে'। 

    হাসপাতাল থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনশন ভাঙার পর ওয়াংচুক দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে তাঁদের ধন্যবাদ জানচ্ছেন। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা সরকারের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ আশ্বাসের কথা তুলে ধরেন। তিনি জানান, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারী এবং ২০ জুলাই সংসদ অভিযানে অংশ নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এছাড়া সংসদে পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস রোধে আলোচনা হবে এবং সাম্প্রতিক নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

    এর আগেই কেন্দ্র সরকার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের ঘোষণা করে। শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, দ্রুত বিচার নিশ্চিত করতে গঠিত হয়েছে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক জানান, প্রায় দু'দিন ধরে সরকারের সঙ্গে টানা আলোচনার পর এই তিনটি গুরুত্বপূর্ণ আশ্বাস মিলেছে। তাঁর কথায়, দীর্ঘ আলোচনার শেষে সরকার লিখিতভাবে ইতিবাচক বার্তা দিয়েছে, যার ভিত্তিতেই তিনি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
  • Link to this news (বর্তমান)