• বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে হত ২ জওয়ান, জখম ১
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, কালিয়াচক: পারস্পরিক বিবাদের জেরে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই জওয়ানের। গুরুতর জখম আরও এক জওয়ান। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্পে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে আহত ও মৃত জওয়ানেরা প্রত্যেকেই বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য। অভিযুক্ত জাওয়ান ১১৯নং বিএসএফ ব্যাটেলিয়নের সদস্য। ঘটনাটি ঘটেছে বিএসএফের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম অজয় কুমার সিং (৫১), আম্বদর সুরেশ দরগু (৩৭)। তাঁদের বাড়ি যথাক্রমে বিহারের ছাপরার মানঝি ও মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। অন্যদিকে, আহত জওয়ানের নাম বিকাশ  ব্রহ্ম। তাঁর বাড়ি হুগলি জেলার মহানাদ গ্রামে। অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্রা। সে ছত্তিশগড়ের বাসিন্দা। অভিযুক্তকে আটক করেছে বিএসএফ।

    মালদহ জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, একটা ঘটনা ঘটেছে। আমরা সেই ঘটনার তদন্ত করছি। সূত্র্রের খবর, অভিযুক্ত বিএসএফ জওয়ান শিবম গত বছর কর্মরত থাকাকালীনও সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে এক সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। বিভাগীয় তদন্তের স্বার্থে বিএসএফ সম্প্রতি তাকে নিজেদের হেপাজতে এনে ক্যাম্পের প্রিজনার সেলে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাথরুমে যাওয়ার পথে প্রহরায় থাকা সেন্ট্রি আম্বদর সুরেশের সার্ভিস রাইফেল ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে শিবম। 
  • Link to this news (বর্তমান)