• রাস্তা জলমগ্ন, সমস্যায় পড়ুয়ারা
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: গোটা এলাকা জলমগ্ন। এক ঝলক দেখলে বোঝার উপায় নেই যে, সেটি রাস্তা নাকি পুকুর। এই জলমগ্ন রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন স্কুলে যেতে হয় পড়ুয়াদের। শুধু পড়ুয়া নয়, এলাকাবাসীকেও একইভাবে জল মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। জলমগ্ন এই জায়গাটি জয়পুর থানার ভাতেঘড়ি শিবতলা প্রাথমিক স্কুলের সামনে। একটু অসাবধানতা হলেই যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাচ্চাদের স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে এই সমস্যায় ভুগলেও প্রশাসন স্থায়ী সমাধানের পথে হাঁটেনি। ফলে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে শিশুদের ওই রাস্তা ধরে স্কুলে যেতে হচ্ছে। এ নিয়ে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, স্কুলে যাওয়ার রাস্তাটি নীচু। ওখানে জল নিকাশি ব্যবস্থা না থাকাতেই এই সমস্যা। রাস্তাটি উঁচু করার পাশাপাশি নিকাশি ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক।
  • Link to this news (বর্তমান)