• বাড়ি ভাঙা: ভিন্ন বক্তব্য পুর প্রশাসক ও পুলিশের
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ভাটপাড়ায় বাড়ি ভাঙার কাজ অব্যাহত রেখেছিল পুরসভা। সেই ঘটনায় পুর প্রশাসক ও স্থানীয় থানার আইসিকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসুচৌধুরীর এজলাসে হাজিরা দিয়ে আদালতের নির্দেশ অমান্য করা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রাখতে দেখা গেল প্রশাসক এবং ভাটপাড়া থানার আইসিকে। পুর প্রশাসকের যুক্তি, আদালতের যে নির্দেশ ইমেলে পাঠানো হয়েছিল, তা তিনি দেখেননি। অন্য কাজে ব্যস্ত ছিলেন। যদিও নির্দেশের পরও নির্মাণ ভাঙা হয়েছে বলে কার্যত মেনে নিয়েছে পুলিশ। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি বসুচৌধুরী। বারাকপুরের এসডিওকে ঘটনাস্থল পরিদর্শন করে অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, মামলাকারীদের নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ভাটপাড়ার পুর প্রশাসককে নতুন করে হলফনামা দিতে বলা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত নির্মাণ ভাঙার উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। বিচারপতির স্পষ্ট বার্তা, রাজ্যে আইনের শাসন বজায় রাখতে হবে। আদালতের উপর জনগণের বিশ্বাস নষ্ট হতে দেওয়া যাবে না। 
  • Link to this news (বর্তমান)