• ঢিমেতালে সেফটি অডিট, নির্মাণকাজ বন্ধের সময় বাড়ছে আরও ১ মাস?
    বর্তমান | ২৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর শহরের নির্মীয়মাণ বিল্ডিংগুলির ‘অডিট’ শুরু হয়েছে। কলকাতা সহ ১৩টি পুরসভায় সমস্ত ধরনের বাণিজ্যিক ভবনের নির্মীয়মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। সেই সঙ্গে ছ’তলা বা তার বেশি উচ্চতার নির্মীয়মাণ আবাসিক ভবনগুলিকেও অডিটের আওতায় আনা হয়েছে। তবে ৩১ জুলাইয়ের সময়সীমা বাড়তে চলেছে। প্রশাসনিক সূত্রে খবর, অডিট প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণেই এই সময়সীমা আরও অন্তত এক মাস বাড়ানো হতে পারে। স্বাভাবিকভাবেই এই অডিট আর কতদিন চলবে, কবে নির্মাণকাজ স্বাভাবিক হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

    সমীক্ষা করে এখনও পর্যন্ত কলকাতায় মাত্র ২৫টি নির্মাণকে পুনরায় কাজ চালুর জন্য ‘গো অ্যাহেড’ ছাড়পত্র দিয়েছে অডিট কমিটি। সেখানে অডিটের আওতায় রয়েছে শহরের ৩৪৪টি নির্মাণ। অভিযোগ, অত্যন্ত ঢিমেতালে অডিট কমিটি স্ক্রুটিনির কাজ করছে। তার উপর নিত্যনতুন ‘ফরমান’ দিচ্ছে কমিটি। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৩৪৪টি নির্মাণের মধ্যে দুশোটির বেশি নির্মীয়মাণ ভবন এখনও পর্যন্ত ভিজিট করা হয়েছে। যার মধ্যে মাত্র ৮০টির ফাইল তৈরি হয়েছে। সেগুলি কোনোটি অডিট কমিটির কাছে পেশ হয়েছে, কোনোটি আগামী দিনে পেশ করা হবে। এর মধ্যে কমিটির সর্বশেষ বৈঠকে সেফটি অডিটের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সূত্রের খবর, খোদ পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ সেক্রেটারি খলিল আহমেদ বিষয়টি উত্থাপন করেন। কমিটির অন্যান্যরা এই বিষয়ে সহমত পোষণ করেছেন। তবে এখনও পর্যন্ত এই সংক্রান্ত অর্ডার জারি হয়নি। আধিকারিকরা জানাচ্ছেন, একদিক থেকে ভালো বিষয় হচ্ছে এই যে, এমন ফুলপ্রুফ অডিট আগে কখনও হয়নি। ফলে কোনো নির্মাণের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে নির্মাণ সামগ্রী সহ যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই শ্রমিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিও অডিট কমিটির কাছে বিবেচ্য। এত খুঁটিনাটি বিষয় দেখতে হলে এত কম সময়ের মধ্যে তা সম্ভব নয়। তাই এই সেফটি অডিটের সময়সীমা বাড়ানো হবে।

    অন্যদিকে, ফের আবাসন নির্মাণকারীদের সংগঠন ‘ক্রেডাই’-এর সঙ্গে বৈঠকে বসতে চলেছে কমিটি। আধিকারিকদের একাংশ জানাচ্ছে, কয়েকটি বড়ো নির্মাণের স্ট্রাকচারাল ডিজাইন দেখে ‘হতচকিত’ হয়ে গিয়েছেন টেকনিক্যাল সাব কমিটির সদস্যরা। কারণ, বেশ কয়েকটি নির্মাণের স্ট্রাকচারের ডিজাইন নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি বিদেশি ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে করানো হয়েছে। সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে আবাসন নির্মাণকারীদের সংগঠনকে ডাকা হয়েছে। তাঁরা কিছু প্রেজেন্টেশন দেবেন।
  • Link to this news (বর্তমান)