• বিজেপি সরকারের আমলে ফের খুলে গেল ২ চটকল, ২২০০ শ্রমিকের মুখে ফুটল হাসি
    News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
  • কলকাতা: রাজ্য সরকারের উদ্যোগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে থাকা আরও দুটি পাটকল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম দফতরের উদ্যোগে সংশ্লিষ্ট দুই পাটকলের কর্তৃপক্ষ ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের শ্রমমন্ত্রী অরূপ (শ্রী) অর্জুন সিং। উপস্থিত ছিলেন বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার।

    বৈঠকে দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, কামারহাটির প্রবর্তক জুট মিল লিমিটেড এবং জগদ্দলের এআই চাঁপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফাইন ইয়ার্ন ইউনিট) আগামী সোমবার, ২৭ জুলাই ২০২৬ থেকে পুনরায় উৎপাদন শুরু করবে। দ্রুত পূর্ণমাত্রায় উৎপাদন চালুর দিকেও জোর দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, প্রবর্তক জুট মিলে প্রায় ১,৮০০ জন শ্রমিক কর্মরত ছিলেন। মিলটি গত ৬ জানুয়ারি ২০২৬ থেকে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর আওতায় ছিল। অন্যদিকে, প্রায় ৪০০ শ্রমিকের কর্মসংস্থান থাকা এআই চাঁপদানি ইন্ডাস্ট্রিজের ফাইন ইয়ার্ন ইউনিটটি ১৮ মে ২০২৬ থেকে বন্ধ ছিল।

    আরও পড়ুন –  Paper Leaked Again: যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভের মধ্যেই ফের প্রশ্নপত্র ফাঁস, তারপর যা যা হল

    শ্রমমন্ত্রী অর্জুন সিং বৈঠকে শিল্প ও শ্রমিকদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি সুস্থ শিল্প পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জুট মিল কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের সমস্ত আইনসিদ্ধ পাওনা, যেমন প্রভিডেন্ট ফান্ড (পিএফ), ইএসআই এবং বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দেন।

    বৈঠক শেষে শ্রমমন্ত্রী সন্তোষ প্রকাশ করে জানান, গত এক মাসের মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মোট ১০টি পাটকল পুনরায় চালুর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রায় ২০ হাজার শ্রমিক এবং তাঁদের উপর নির্ভরশীল এক লক্ষেরও বেশি পরিবারের সদস্য সামাজিক ও আর্থিকভাবে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    Abir Ghosal
  • Link to this news (News18 বাংলা)