এবার পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গেও তৈরি হবে থাকার জায়গা, বড় ঘোষণা পর্যটনমন্ত্রীর
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
উত্তরবঙ্গে পর্যটনের পরিকাঠামোকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করে তুলতে বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র সান্দাকফুতে তৈরি করা হবে অত্যাধুনিক ইকো-ফ্রেন্ডলি কন্টেনার হোম। পাহাড়ি এলাকার পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটকদের জন্য উন্নত মানের থাকার ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কন্টেনার হোমগুলি এমনভাবে নির্মাণ করা হবে যাতে পাহাড় কেটে বড় নির্মাণকাজের প্রয়োজন না পড়ে। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি কম হবে, অন্য দিকে পর্যটকদের জন্য আধুনিক, নিরাপদ ও আরামদায়ক আবাসনের সুবিধা মিলবে। ট্রেকার ও প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে।
শুধু সান্দাকফুই নয়, উত্তরবঙ্গে পর্যটনের প্রসারে আরও একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি পর্যটন তথ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। প্রশাসনের আশা, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে দেশ-বিদেশের পর্যটকদের আগমন আরও বাড়বে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। পর্যটন মহলের মতে, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আধুনিক আবাসনের সমন্বয়ে সান্দাকফু নতুন আকর্ষণ হিসেবে উঠে আসবে। কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য এই কন্টেনার হোম হতে পারে এক নতুন অভিজ্ঞতা।
সান্দাকফু পর্বতের উচ্চতা ৩,৬৩৬ মিটার বা প্রায় ১১,৯২৯ ফুট। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গালিলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এবং একই সাথে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান। গত কয়েক বছর ধরেই সান্দাকফুর প্রতি আগ্রহ বেড়েছে পর্যটকদের। এবার এই নিয়ে বৃহত্তর উদ্যোগ নিল সরকারষ