• ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় অনড় ‘ককরোচ’, কেন্দ্রকে সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’
    এই সময় | ২৪ জুলাই ২০২৬
  • Big Breaking: এক টানা দর কষাকষি, শর্ত-পাল্টা শর্তের পরে অবশেষে দ্বিতীয়বার কেন্দ্রের সঙ্গে আলোচনার টেবিলে বসে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দিল্লির ভিপি হাউসে দু’ঘণ্টার বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার শর্তে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন CJP-এর প্রতিনিধিরা। তাঁদের দাবি, এই বৈঠকেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি সরকার। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। শনিবার ফের দুই পক্ষের বৈঠকের সম্ভাবনা।

    শুক্রের দুপুরে বৈঠকে কী হলো?

    NEET-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলা আন্দোলনের আবহে শুক্রবার কেন্দ্র সরকার ও Cockroach Janta Party (CJP)-র মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এ দিনের বৈঠকে কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি. নাড্ডা, জিতেন্দ্র সিং-সহ শীর্ষ সরকারি প্রতিনিধিরা। অন্যদিকে সিজেপি-র প্রতিনিধি দলের পক্ষে তাদের প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

    প্রায় দুই ঘণ্টার বৈঠকে আন্দোলনকারীদের একাধিক দাবির মধ্যে দু’টি দাবি নীতিগতভাবে মেনে নিতে রাজি হয়েছে কেন্দ্র। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনও সিদ্ধান্ত জানায়নি সরকার। সেই বিষয়ে আরও সময় চেয়েছে কেন্দ্র। উভয় পক্ষের সম্মতিতে শনিবার ফের আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    কোন দুই দাবিতে সম্মতি?

    বৈঠকে শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি এবং দেশের পরীক্ষা পদ্ধতি সংস্কার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব তুলে ধরে সিজেপি। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, তিনটি মূল দাবির মধ্যে কেন্দ্র নীতিগতভাবে দু’টি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে—

    শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে কোনও নতুন মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

    পরীক্ষায় প্রশ্নফাঁস ও জবাবদিহির বিষয়টি সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত।

    এই দু’টিদাবিতে সরকারের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানালেও CJP স্পষ্ট করেছে, আন্দোলনের মূল দাবি এখনও পূরণ হয়নি।

    ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে কী বলল কেন্দ্র?

    আন্দোলনকারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তবে এই বিষয়ে সরকার বৈঠকে কোনও চূড়ান্ত আশ্বাস দেয়নি। CJP নেতাদের দাবি, কেন্দ্র জানিয়েছে বিষয়টি নিয়ে আরও উচ্চ পর্যায়ে আলোচনা প্রয়োজন। তাই এই দাবিতে সিদ্ধান্ত জানাতে কিছুটা সময় চাওয়া হয়েছে। বৈঠক শেষে মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে সরকার আগামীকাল (শনিবার) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাঁকে পদ থেকে অপসারণ করবে।’ CJP নেতৃত্ব জানিয়েছে, শনিবার আবার বৈঠকে বসবেন দুই পক্ষ।

    আন্দোলন চলবে

    বৈঠকে আংশিক অগ্রগতি হলেও আন্দোলন আপাতত প্রত্যাহার করছে না CJP। সংগঠনের বক্তব্য, ‘যতক্ষণ না সব মূল দাবির সমাধান হচ্ছে, ততক্ষণ যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে।’ সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও আন্দোলনের গতি কমবে না বলেও জানিয়েছেন ককরোচ-রা।

    কেন্দ্রের পক্ষ থেকেও জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে সমাধানেই তাঁরা জোর দিতে চায়। বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, ‘আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা সংস্কারের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল। আমরা তাঁদের জানিয়েছি যে শনিবার বিকেলে আমরা আবার তাঁদের সঙ্গে বৈঠকে বসব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের কথা তাঁদের জানাব।’ তাই শনিবারের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই বৈঠকেই ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ, আন্দোলনকারীদের বাকি দাবিগুলি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা।

  • Link to this news (এই সময়)