ধুলো-ধোঁয়া নেই। পোহাতে হবে না ট্র্যাফিক জ্যামের ঝঞ্ঝাট। নিত্যযাত্রীদের স্বস্তি দিয়ে কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। শুক্রবার উল্টোরথের দিন ভাটপাড়ার গোলঘরের খুঁটি পুজোর উদ্বোধনে এসে তিনি বললেন, ‘ট্র্যাফিকের চাপ কমাতে জলপথকে গুরুত্ব দিতেই হবে।’ একই সঙ্গে দুর্গাপুজোর আগেই ৫০০ সরকারি বাস চালু করার ঘোষণাও করেন তিনি।
রেল পরিষেবার উন্নতি হলেও ট্রেনের টিকিট পাওয়া নিয়ে এখনও সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। সেই কারণে বাস পরিষেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অর্জুনের কথায়, ‘অনেক সময়ে যাত্রীরা ট্রেনের টিকিট পান না। উন্নত বাস পরিষেবা থাকলে যাত্রীরা সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন। তাই সরকারি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে।’
দুর্গাপুজোর আগেই অন্তত ৫০০ বাস চালু হবে বলে জানালেন অর্জুন। নতুন বছরের মার্চের মধ্যে আরও ১০০০ বাস চালুর প্রতিশ্রুতিও দিলেন তিনি। অর্জুনের কথায়, ‘আগামী বছরের মার্চের মধ্যে দেড় হাজার সরকারি বাস চালু হয়ে যাবে। পুজোর আগে ৫০০ বাস নামাব আমরা।’ রাজ্য সরকারের বড় কিছু পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এর পরেই ওয়াটার ট্র্যাক্সি এবং ভেসেল চালুর পরিকল্পনার কথা জানান তিনি। কোন রুটে চলতে পারে তার ইঙ্গিতও দেন। অর্জুন বলেন, ‘মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট পর্যন্ত চলতে পারে। আবার ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চলবে। হাওড়া, বালি, বেলুড়েও যাবে।’ রাজ্য সরকার একটা অভিনব চেষ্টা চালাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি। ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার যাতায়াতে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে পরিবহণ দপ্তর।
এ দিন বন্ধ জুটমিল নিয়েও আশার বার্তা দেন অর্জুন। কামারহাটির প্রবর্তক জুটমিল এবং জগদ্দলের এআই চাঁপদানি জুটমিলের ফাইন ইয়ার্ন ইউনিট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আরও দু’-তিনটি জুটমিল ধাপে ধাপে চালুর চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন।
অর্জুন বলেন, ‘শিল্পাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি এবং বন্ধ কারখানাগুলিকে ফের সচল করার লক্ষ্যে সরকার ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে। জুটশিল্পকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।’ এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তর ২৪ পরগনা ও হুগলির শিল্পাঞ্চলে বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জুটশিল্পের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিও নতুন করে গতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।