আজকাল ওয়েবডেস্কঃ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং তা থেকে সৃষ্ট মানসিক চাপে একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার প্রতিবাদে এবার আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে উঠল হাওড়া। নিট কেলেঙ্কারির পূর্ণাঙ্গ বিচার ও কেন্দ্রীয় সরকারের ভুল শুধরে নেওয়ার দাবিতে হাওড়া ময়দান চত্বরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়া রুহী মালিক। শুক্রবার তাঁর অনশন ষষ্ঠ দিনে পদার্পণ করল।
দিল্লিতে নিট কেলেঙ্কারি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলনের আঁচ এবার হাওড়াতেও তীব্র রূপ নিয়েছে। অনশনস্থলে রুহী মালিকের বুকে ঝুলছে আত্মহত্যা করা সেইসব স্বপ্নভঙ্গ হওয়া পড়ুয়াদের ছবি—যাঁরা দুর্নীতির বলি হয়ে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। ২৪ ঘণ্টা ধরে হাওড়া ময়দানের উন্মুক্ত চত্বরে বিভিন্ন স্থানে থেকে রুহীর এই প্রতিবাদ এখন স্থানীয় বাসিন্দা ও অন্যান্য পরীক্ষার্থীদের আন্দোলনের বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা যোগাযোগ করেছে তাঁর সঙ্গে, জেলা ও রাজ্যের বাইরে থেকেও ছাত্র-ছাত্রীরা তাঁর সঙ্গে এই আন্দোলনে যোগ ইচ্ছুক। ছাত্র-ছাত্রীদের সংখ্যা কয়েক হাজার এমনটাই জানিয়েছে আন্দোলনকারী পড়ুয়া রুহি মালিক।
এ প্রসঙ্গে আন্দোলনকারী পড়ুয়া জানান, সরকারের বিরোধিতা নয়। ভবিষ্যৎ এর কথা ভেবে, ভুল নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ।
প্রসঙ্গত, গতকাল ররাতে ফেসবুক লাইভে এসে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে এক অভূতপূর্ব ও কড়া বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, শিক্ষার্থীদের উদ্দেশে 'ফ্রেন্ডস' সম্বোধন করে স্পষ্ট জানালেন— প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ বা মামুলি ঘটনা নয়; এর নিদারুণ প্রভাব পড়ে শুধু পরীক্ষার্থীদের ওপর নয়, তাঁদের অভিভাবকদেরও দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে।