• দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা, চালু টোল-ফ্রি নম্বর
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের কোনও স্তরেই দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে দুই সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ভবিষ্যতেও অভিযোগের সত্যতা মিললে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    মুখ্যমন্ত্রীর দাবি, সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে। তাই সাধারণ মানুষের অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে নবান্ন থেকে শীঘ্রই একটি টোল-ফ্রি নম্বর চালু করা হবে। ওই নম্বরে ফোন করে যে কোনও নাগরিক দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন।

    মুখ্যমন্ত্রী জানান, অভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

    নির্বাচনের আগে বিরোধী দলনেতা থাকাকালীন যেমন দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই অবস্থানেই অনড় থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান ভবিষ্যতেও একইভাবে চলবে।
  • Link to this news (আজকাল)