• পাহাণ্ডী বিজয়ের পর রথে আরোহন জগন্নাথ-বলভদ্র-সুভদ্রা
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার পর শুক্রবার দিঘার জগন্নাথ ধামে অনুষ্ঠিত হচ্ছে উল্টো রথ বা বাহুড়া যাত্রা। সকাল থেকেই মাসির বাড়ির চত্বরে ভক্তদের ঢল নেমেছে। সকাল ১১টায় মাসির বাড়িতে জগন্নাথদেব, বলভদ্রদেব, সুভদ্রা দেবীকে ৫৬ ভোগ অর্পণ করা হয়। এরপর বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসির বাড়ি থেকে পাহাণ্ডী বিজয় উৎসবে শ্রীজগন্নাথ দেব, বলভদ্র দেব ও সুভদ্রা দেবীকে রথে আরোহন করানো হয়েছে।

    বর্তমানে রীতি অনুসারে বিশেষ পূজা, আরতি ও অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন হচ্ছে। প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক কর্মী। চিকিৎসা শিবির, পানীয় জলের ব্যবস্থা ও জরুরি পরিষেবাও রাখা হয়েছে।

    মন্দির সূত্রে জানা গিয়েছে, বিকেল ঠিক সাড়ে ৩টেয় ভক্তদের হাত ধরে রথের রশিতে টান পড়বে। প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে রথটি মাসির বাড়ি থেকে মূল জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে গড়িয়ে চলবে।

    রথযাত্রাকে ঘিরে দিঘা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। দূরদূরান্ত থেকে আগত বহু ভক্ত এই শুভক্ষণে সামিল হতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন। রথের দুই পাশে কীর্তন, শঙ্খধ্বনি ও 'জয় জগন্নাথ' ধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

    দিঘার জগন্নাথ মন্দিরের পুরোহিত রাধারমণ দাস বলেন, “আজ আবহাওয়া খুব ভাল। ভক্তদের মধ্যেও উৎসাহ রয়েছে। সাড়ে ৩টের সময় উল্টো রথ শুরু হবে। সাড়ে ৫টা নাগাদ জগন্নাথদেব মন্দিরে পৌঁছবেন। কিন্তু মন্দিরে ঢুকতে পারবে না। তিনদিন তাঁকে মন্দিরের বাইরে অপেক্ষা করতে হবে। লক্ষ্মীদেবীকে শান্ত করার পরেই তিনি মন্দিরে ঢুকতে পারবেন।”
  • Link to this news (আজকাল)