• বিধানসভায় বিরল মুহূর্ত, কার অভিমান ভাঙালেন শঙ্কর?
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: বিধানসভার অধিবেশনে শুক্রবার এক অভিনব ঘটনার সাক্ষী থাকলেন উপস্থিত সদস্যরা। ময়নাগুড়ি থেকে প্রথমবারের বিধায়ক হওয়া ডালিম চন্দ্র রায় উল্লেখ পর্বে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তোলেন। তিনি বলেন, "সারের প্যাকেটে যে দাম লেখা থাকে, বাস্তবে কৃষকদের তার চেয়েও বেশি মূল্য দিতে হচ্ছে।" বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

    সে সময় মন্ত্রীদের বেঞ্চেই উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী। তাঁর সামনেই এই অভিযোগ উঠতেই কিছুক্ষণের জন্য চমকে যান উপস্থিত সদস্যরা।

    পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি নিজের আসন ছেড়ে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এরপর ডালিম চন্দ্র রায়কে ডেকে এনে কৃষিমন্ত্রীর পাশেই বসিয়ে দেন।

    এসবের পরে বেশ কিছুক্ষণ ধরে দু’জনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলে। ডালিম বাবু নিজের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরেন, আর কৃষিমন্ত্রী মন দিয়ে তা শোনেন।

    এই দৃশ্য দেখে বিরোধী শিবিরের কটাক্ষ, “রাগ আউট, আলোচনা ইন।”

     
  • Link to this news (আজকাল)