• উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, মহানায়কের জন্মশতবর্ষে আরও একাধিক প্ল্যান রাজ্যের
    আজ তক | ২৪ জুলাই ২০২৬
  • কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষমূর্তি ও একটি স্মারকফলক উন্মোচন করেন তিনি। তারপরই ঘোষণা করেন, মহানায়ক উত্তমকুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে।

    এদিন কেওড়াতলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বক্তৃতায় জানান, উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী  উপলক্ষে ৩ সেপ্টেম্বর সাড়ম্বরে আয়োজন করা হবে রাজ্যজুড়ে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মহানায়ক উত্তমকুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকীকরণের কাজও হাতে নেবে রাজ্য সরকার।

    জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ৪ দিনের অনুষ্ঠানে মহানায়কের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে তুলে ধরা হবে। তার আগে নন্দন বা রবীন্দ্রসদনে একটি কমিটি তৈরি করে প্রস্তুতি সভা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু অধিকারী বলেন, 'আজ ফাইবারের মূর্তি উন্মোচন থেকে শুরু করে মহানায়কের স্মৃতিকে সম্মান জানাতে রাজ্য সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তার সবই উত্তম কুমারের পরিবারের অনুমতি ও সম্মতি নিয়েই করা হবে।'

    রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের স্মৃতিকে আরও সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে। ৪ দশক পেরিয়ে আজও বাঙালির কাছে উত্তম কুমারের বিকল্প নেই। ১৯৮০ সালে এই দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন। আর তাই তাঁর জন্মশতবর্ষ বর্ণাঢ্য ভাবে পালনের প্রস্তাব এবং একাধিক পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আগেই দেখা করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফলে নয়া কমিটিতে তাঁদের মতো প্রথমসারির অভিনেতাদের রেখে সরকার কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার। এদিন কেওড়াতলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দেখা যায় বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, বিধায়ক রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহা ও উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় সহ আরও অনেককে।
     
  • Link to this news (আজ তক)