‘আপনি যেভাবে ছুটছেন, আমি পারিনি’, অগ্নিমিত্রার প্রশংসায় ফিরহাদ
প্রতিদিন | ২৪ জুলাই ২০২৬
মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন অগ্নিমিত্রা পাল। নানা জায়গায় ‘সারপ্রাইজ ভিজিট’ করছেন। কোনওভাবে বেনিয়ম সহ্য করা হবে না, সে বার্তা দিয়েছেন। সে প্রসঙ্গ টেনে শুক্রবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে প্রশংসায় ভরালেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
তিনি বলেন, “মাত্র আড়াইমাস আপনি সময় পেয়েছেন। তার মধ্যে আপনি যেভাবে চারিদিকে দৌড়াচ্ছেন। আমি হয়তো তা পারিনি। যেভাবে সকাল, সন্ধ্যায় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমি হয়তো সেটা করতে পারিনি। এটা আমি স্বীকার করছি।” একথা শুনে অবশ্য টিপ্পনি কাটতে ছাড়েননি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। পালটা আবার ফিরহাদ বলেন, “আমি আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আর আপনি আমাকে জোর করে বিরোধী বানানোর তৈরি করছেন।”
জলাভূমি বোজানোর সমস্যা থেকে শহরকে মুক্তি দিতে বর্তমানকে প্রাক্তনের আরও পরামর্শ, “পুরনো ইমারতের ভাঙা অংশ ফেলে বেআইনিভাবে জলাভূমি বোজানো হচ্ছে। এটা পুলিশের সাহায্য নিয়ে শক্ত হাতে বন্ধ করা উচিত। আমিও আমার সময়ে অনেক চেষ্টা করেছি। আপনি যেভাবে ছুটছেন, আপনি পারবেন এটা বন্ধ করতে।”
বাম এবং কংগ্রেসকেও দোষেন তিনি। ফিরহাদ বলেন, “বামেরা যখন ‘৭৭ সালে ক্ষমতায় এসেছিল। তখন তারা কংগ্রেস শাসন নিয়ে সমালোচনা করেছিল। ২০১১ সালে আমরা ক্ষমতায় আসার পর বামেদের আক্রমণ করেছি। আপনারাও যেদিন চলে যাবেন…।” একথা বলামাত্রই বিজেপি বিধায়ক হইহই করে ওঠেন। সকলে সমস্বরে বলতে থাকেন, “আগামী ৫০ বছর থাকব।” ফিরহাদ বলেন, “৫০ বছর কেন, আপনারা একশো, দু’শো, পাঁচশো বছর থাকতে পারেন। কালের নিয়মে একদিন সরতে হবে। আপনাদের কাজ নিয়ে সমালোচনা করবে। শুভেন্দু অধিকারী কিংবা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আমার শহর যদি ভালো হয়, তবে তো আমি গর্বিতই হব।”
ঢালাও প্রশংসা শোনার পর অগ্নিমিত্রা পাল পালটা বলেন, “প্রাক্তন মন্ত্রী নিজেই স্বীকার করে নিচ্ছেন যে আমি সারাদিন শহরের জন্য চেষ্টা করে যাচ্ছি।” ফিরহাদকে তাঁর প্রশ্ন, “১৫ বছর ক্ষমতায় থেকেও কেন আপনারা এই সমস্যাগুলোর সুনির্দিষ্ট সমাধান করতে পারলেন না? জমা জল আর নিকাশি ব্যবস্থার জন্য বরাদ্দ সব টাকা গেল কোথায়? কেন শুধু প্রভাবশালী মন্ত্রী-নেতাদের পুরসভার জন্যই বাজেট বরাদ্দ হত?” বর্তমান বিজেপি সরকারের আমলে কোনওরকম পক্ষপাতিত্ব চলবে না বলেই সাফ জানান অগ্নিমিত্রা। বলে রাখা ভালো, এর আগে ফিরহাদের গলায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা শোনা গিয়েছিল।