মায়াপুর অনেক দূর! কলকাতার কাছেই 'এই' ইসকন মন্দির নজর কাড়ছে সবার, উল্টোরথের সন্ধ্যায় ঘুরে আসুন
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
কলকাতার কাছেই মিলবে মায়াপুরের অনুভূতি, উদয়নারায়ণপুরের খিলা ইসকন মন্দিরে ভক্তদের ভিড়! মায়াপুর ইসকন মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও মানসিক শান্তির অনুভূতি এখন পাওয়া যাচ্ছে, যা কলকাতার অত্যন্ত কাছেই। কলকাতা থেকে এক-দেড় ঘণ্টার দূরত্বে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের খিলা ইসকন মন্দির আজ আধ্যাত্মিকতার এক অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মহাপ্রভুর স্মরণে মানসিক শান্তির খোঁজে প্রতিনিয়ত হাজারও মানুষ ছুটে আসছেন এই মন্দিরে। ভোর থেকে রাত পর্যন্ত সর্বক্ষণই এখানে ভক্ত ও দর্শনার্থীদের আগমন দেখা যায়। মূল মায়াপুর ধামের মতোই যাবতীয় নিয়ম-নীতি ও আচার-অনুষ্ঠান নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই মন্দিরে। আধ্যাত্মিক পরিবেশের পাশাপাশি চারপাশের চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য মনকে এক নিমেষে ব্যাকুলতা থেকে শান্তিতে ভরিয়ে তোলে। তাই সারা বছর মানুষের উপস্থিতি, ক্রমেই বাড়ছে ভিড়।বিশেষ করে রথযাত্রার উৎসবে খিলা ইসকন মন্দিরের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। খুবই অল্প সময়ে এটি বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে হাওড়া-কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে এখানে উপস্থিত হন।
এখানে আসা ভক্তদের কথায়, প্রবিত্র মায়াপুর ধামে পৌঁছন সৌভাগ্যের এবং অত্যন্ত পুণ্যের। বারবার সেখানে যেতে চাই মন। কিন্তু সময় এবং দীর্ঘ পথ পেরিয়ে সম্ভব হয়ে ওঠে না পৌঁছন। তবে গত কয়েক বছরে আক্ষেপ অনেকটাই কম হয়েছে, উদয়নারায়নপুর ইসকন মন্দির প্রতিষ্ঠা হবার পর। উদয়নারায়নপুর খিলা ইসকন মন্দিরের পরিবেশ অনেকটা মায়াপুর পৌঁছতে না পারার আক্ষেপ মিটিয়ে দেয়। নিরিবিরি প্রকৃতির মাঝে মহাপ্রভুর নাম জপ মনে আলাদা শান্তি মেলে এমনটাই জানান ভক্তরা। হাওড়া বা কলকাতা থেকে উদয়নারায়নপুর বাস স্টপ হয়ে খিলা, অথবা হাওড়া আমতা রোড থেকে, মুন্সিরহাট-রাজাপুর রোড ধরে খিলা বাস স্টপ থেকে কয়েক মিনিটের হাঁটা পথে মন্দির পৌঁছন যায়।