CJP-র ডাকে ছাত্র-যুবদের বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাধারণ পোশাকে থাকা এক পুলিশকর্মী এক মহিলা বিক্ষোভকারীকে জোর করে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ওই সময়ে এক পুলিশকর্মী মহিলার গায়ে অভব্য ভাবে হাত দেন।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদর এলাকায়, যেখানে CJP-র সমর্থনে ছাত্র-যুবরা বিক্ষোভে সামিল হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। সেই সময়েই ওই ভিডিয়োটি রেকর্ড করা হয় এবং পরে তা দ্রুত সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে পুলিশি আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এবং মানবাধিকার কর্মীরা।
মুম্বইয়ের কংগ্রেস সভাপতি বর্ষা গাইকওয়াডও পোস্ট করেছেন এই ভিডিয়ো। তিনি এই পুরো কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অবিলম্বে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
তবে মুম্বই পুলিশের অভিযোগ, সম্পূর্ণ অস্বীকার করেছে। পুলিশের দাবি, ভাইরাল ভিডিয়োটি বিভ্রান্তিকর। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট পুলিশকর্মী আসলে একজন পুরুষ বিক্ষোভকারীকে আটক করার চেষ্টা করছিলেন, সেই সময়ে ভিড়ের মধ্যে ওই মহিলা চলে আসায় ভিডিয়ো দেখে ভুল ধারণা তৈরি হয়েছে। পুলিশের দাবি, কোনও মহিলা বিক্ষোভকারীর সঙ্গে অসদাচরণ বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি।
এই ঘটনার পরে আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক আন্দোলনগুলিতে পুলিশের আচরণ নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। এর আগে দিল্লির যন্তর মন্তরে এক মহিলা আন্দোলনকারীকে চড় মারার অভিযোগে এক অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে CJP-র নেতৃত্বে আন্দোলন চলছে। দিল্লি ও মুম্বই-সহ একাধিক শহরে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
মুম্বইয়ের দাদর এলাকায় CJP-র সমর্থনে হওয়া ছাত্র-যুবদের বিক্ষোভের সময় এই ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের অভিযোগ, এক পুলিশকর্মী এক মহিলা বিক্ষোভকারীকে জোর করে সরানোর সময় অনুপযুক্তভাবে স্পর্শ করেন। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মুম্বই পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভিডিওটি বিভ্রান্তিকর এবং পুলিশকর্মী আসলে একজন পুরুষ বিক্ষোভকারীকে আটক করার চেষ্টা করছিলেন। কোনও মহিলা বিক্ষোভকারীর সঙ্গে অসদাচরণ হয়নি বলে পুলিশের দাবি।
কংগ্রেস নেতা বর্ষা গাইকওয়াড ভিডিওটি শেয়ার করে ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আন্দোলনকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।