• নিট কেলেঙ্কারি: বরখাস্ত NTA-র ৪৭ জন আধিকারিক, হতে পারে ফৌজদারি মামলাও
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • নিট প্রশ্ন ফাঁস নিয়ে জোর বিতর্কের মধ্যে এ বার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হলো। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সরকারি সূত্রে দাবি, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে। হতে পারে ফৌজদারি মামলাও।

    নিট কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে শুক্রবারই খসড়া বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বিল অনুযায়ী, দোষীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। হতে পারে ১০ কোটি টাকা জরিমানাও। আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করতে পারে কেন্দ্র। ঘটনাচক্রে, তার পরেই ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করল এনটিএ।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে নিট-কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করছে সরকার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সপ্তাহে সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

    বৃহস্পতিবার রাতে ২ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তায় মোদী বলেন, ‘প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য যন্ত্রণাদায়ক।’ তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেফতার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয় তাই দ্বিতীয় বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

  • Link to this news (এই সময়)