স্কুল বেরিয়ে 'ভয়ঙ্কর' জায়গায় পৌঁছে গেল নাবালক! ঠিক সময়ে হিরোর মত এসে বাঁচাল কে? জানুন
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
স্কুলে যাওয়ার পথে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, ৩৫ কিলোমিটার দূরে সীমান্ত শহর বনগাঁর স্টেশন থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরাল আরপিএফ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে নিখোঁজ হয়ে যাওয়া সপ্তম শ্রেণির ওই ছাত্রকে উদ্ধার করে এদিন পরিবারের হাতে তুলে দেওয়া হয় বনগাঁ রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর তরফে। ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ছাত্রের পরিবার।
জানা গিয়েছে, অশোকনগর থানার বনবনিয়া এলাকার বাসিন্দা সুনীল বিশ্বাসের ছেলে বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল শেষ হওয়ার পরও সে বাড়ি না ফেরায় উদ্বেগে পড়ে পরিবার। আত্মীয় পরিজন স্থানীয় এলাকায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় অশোকনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন ছাত্রের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
শুক্রবার বনগাঁ রেল স্টেশন চত্বরে এক কিশোরকে একা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় ডিউটিরত আরপিএফ কর্মীদের। তাকে জিজ্ঞাসাবাদ করে আরপিএফ জানতে পারে, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরপর তাকে নিরাপদে নিজেদের হেফাজতে রাখা হয়। আরপিএফের পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বালকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে পরিবারের সদস্যরা বনগাঁ আরপিএফ অফিসে পৌঁছলে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কিশোরটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে ফিরে পেয়ে যেন স্বস্তির নিশ্বাস পড়ল পরিবারে। ছাত্রের বাবা জানান, ছেলের পড়াশোনায় অনীহা। প্রাথমিকভাবে তাঁদের অনুমান, সেই কারণেই সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পুরো ঘটনায় আরপিএফের ভূমিকার প্রশংসা করেছে ছাত্রের পরিবারের সদস্যরা।