শেষ দেখা গিয়েছে CCTV ফুটেছে..., ডুয়ার্সে বেড়াতে এসে হঠাৎ উধাও বিহারের পর্যটক, গেলেন কোথায়?
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
ঘুরতে এসে বিপত্তি! খোঁজ মিলছে না বিহার থেকে আগত পর্যটকের! কোথায় গেলেন তিনি? ডুয়ার্সের রিসর্টে ঘনাচ্ছে রহস্য। সিসিটিভিতে শেষ দেখা,সংলগ্ন মূর্তি নদীতে। নিখোঁজ বিহারের পর্যটকের খোঁজে এবার ময়দানে নামল NDRF।
ডুয়ার্সে ছুটি কাটাতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন বিহারের এক পর্যটক। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে আর কোনও খোঁজ মিলছে না তাঁর। নিখোঁজ পর্যটকের নাম রাজেশ কুমার (৩৮)। তিনি বিহারের সমস্তিপুর জেলার কেসো নিজামত এলাকার বাসিন্দা। ওই পর্যটক রিসর্ট সংলগ্ন মূর্তি নদীতে তলিয়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: বন্দে ভারত স্লিপার কোচে গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছিলেন তরুণী…, ট্রেনের 1AC কামরায় পা দিতেই যা দেখলেন, মুহূর্তে চক্ষুচড়কগাছ
ঘটনার তদন্তে নেমে শুক্রবার সকাল থেকেই মূর্তি নদীতে জোর কদমে তল্লাশি শুরু করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সকালে বিহারের একটি সার কোম্পানির ৬৬ জন কর্মীর এক প্রতিনিধি দলের সঙ্গে ওই রিসর্টে এসে ওঠেন রাজেশ। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে বুধবার গভীর রাতে এই পর্যটক বেশ কয়েকবার রিসর্টের মূল ফটক দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা অসময়ে বাইরে যেতে বাধা দিলে রিসর্টের পিছনের সিঁড়ি দিয়ে নীচে নেমে সোজা মূর্তি নদীর দিকে হেঁটে চলে যান তিনি।
পুরো বিষয়টি রিসর্টের সিসিটিভি (CCTV) ক্যামেরায় স্পষ্টভাবে বন্দি হয়েছে। তার পর থেকেই তিনি নিখোঁজ। দীর্ঘক্ষণ পর্যটকের খোঁজ না পেয়ে রিসর্ট কর্তৃপক্ষের তরফে মেটেলি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই শুক্রবার সকালে রিসর্টে এসে পৌঁছন নিখোঁজ যুবকের বাবা সত্য নারায়ণ সিং ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব কুমার রয়। মেটেলি থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।
নিখোঁজ পর্যটকের বাবা সত্য নারায়ণ সিং জানিয়ে বলেন খবর পেয়েই সকালে ছুটে এসেছি। পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। শুক্রবার সকাল থেকে এনডিআরএফ নদীজুড়ে খোঁজ চালাচ্ছে। দিনভর এনডিআরএফ কর্মী ও মেটেলি থানার পুলিশ মূর্তি নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালালেও বিকেল পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনও সন্ধান মেলেনি। এমন ঘটনায় ডুয়ার্সের পর্যটন মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।