বৃহস্পতিবার রাতে অনশন ভঙ্গ করছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। কেন্দ্রের কাছে একগুচ্ছ আশ্বাস পাওয়ার পরে অনশন ভঙ্গ করেছেন তিনি। তার পরেই একাধিক প্রশ্ন এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া দীর্ঘ একটি ভিডিয়ো বার্তা দিয়ে সেই কটাক্ষের জবাব দিয়েছেন তিনি। ২৬ দিন অনশন করার পরে তাঁকে কি কারোর কাছ থেকে ‘ক্যারেকটার সার্টিফিকেট ’ (চরিত্রের শংসাপত্র) নিতে হবে বলে প্রশ্ন তুলেছেন সোনম ওয়াংচুক। তাঁকে কি এ বার সততার প্রমাণ দিতে বলেও প্রশ্ন তুলেছেন এই সমাজকর্মী।
কেন্দ্র সরকারের কাছে আশ্বাসের পরে অনশন প্রত্যাহার
NEET প্রশ্নফাঁস নিয়ে যন্তর মন্তরে লাগাতার বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের একাধিক আশ্বাস এবং প্রতিশ্রুতির পরেও নিজেদের অবস্থানে অনড় পড়ুয়ারা। ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বলেও জানিয়েছেন তিনি। তবে এই অনশন ভঙ্গে পরেও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে।
রফা নিয়ে প্রশ্ন
কেন্দ্র সরকারের সঙ্গে রফা বা ‘চুক্তি’র ভিত্তিতে সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন বলে অভিযোগ করেছেন সমালোচকরা। কী কারণে কেন্দ্রীয় মন্ত্রীদের হাত থেকে পানীয় নিয়ে তিনি অনশন ভঙ্গ করেছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এই সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন তিনি। এখনও গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই ২৪ মিনিট ২২ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় একাধিক প্রশ্ন করেছেন তিনি। সোনম জানিয়েছেন, অনশনভঙ্গ করেও কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে এই কথা প্রকাশ্যে আনতে কষ্ট হচ্ছে তাঁর। সরকারের সঙ্গে তাঁর কোনও রফা হয়নি বলেও সাফ জানিয়েছেন তিনি। পড়ুয়ারা যাতে ন্যায়বিচার পান এবং তাদের দাবি পূরণ হয় সেই দিকেই নজর দিয়েছেন তিনি বলেও জানিয়েছেন এই সমাজকর্মী।
অনশনের জেরে কমেছে ওজন
টানা ২৬ দিন অনশন করার কারণে তাঁর ওজন প্রায় ১১ কেজি ওজন কমে গিয়েছে। একাধিক শারীরিক সমস্যাও দেখা দিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসকদের দেওয়া নির্দেশগুলি তাঁকে মেনে চলার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। সোনম ওয়াংচুক জানিয়েছেন, এখন তরল খাবার খেতে পারছেন তিনি। সামান্য একটু উঠে বসতে পেরেছেন।
কীসের প্রমাণ দিতে হবে?
এই সঙ্গেই সমালোচকদের দিকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন সোনম। তিনি বলেন, ‘লাদাখের ঠাণ্ডা থেকে দিল্লির তপ্ত রোদে এসে বসে অনশন করেছি। এত কিছু করার পরেও এ বার আমাকে অন্য কারও থেকে চরিত্রের শংসাপত্র নিতে হবে? আমার অনশন পবিত্র ছিল কি না, সেটার প্রমাণ আমায় দিতে হবে?’ কেন মন্ত্রীর হাত থেকে না নিয়ে অন্য কারোর কাছে খাবার খেয়ে তিনি অনশন ভঙ্গ করেছেন, তাঁদের সঙ্গে কী লেনদেন বা চুক্তি হয়েছে সেই সমস্ত প্রশ্নের জবাবও তাঁকে দিতে হবে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সমালোচনার জবাব
সোনম জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই অনেকে তাঁকে ফোন করেছেন। তাঁরা জানিয়েছেন তাঁর কাজ নিয়ে অনেকেই না কি প্রশ্ন তুলেছেন। কী কী চুক্তি হয়েছে তাঁর সঙ্গে তাও জানতে চেয়েছেন তাঁরা। এর পরেই সেই সমালোচনার জবাব জবাব দিয়েছেন তিনি। সোনম বলেন, ‘যে সমস্ত মানুষের মাথায় এই সমস্ত ভাবনা আসে, তাঁদের আমি ধিক্কার জানাই। আপনারা জানেন না, গত কয়েকদিন আমি এবং আমার পরিবারকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। হাসপাতালে কী কী পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তবে আমি আপনাদের দোষ দিই না। আপনারা হয়তো জানেন না গোটা বিষয়টা তাই বলছেন।’ ওই সমালোচকরা যদি রাজনীতি থেকে বিরত থেকে এই সমস্ত কথা বলেন তাহলে তা শুনে তিনি তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। অন্য কারোর কাছে কিছু শোনা এবং বিশ্বাস করার আগে তাঁদের নিজেদেরকেই প্রশ্ন করার উপদেশও দিয়েছেন তিনি।
এরই সঙ্গে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন তাঁদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এক নজরে:
FAQ
কেন অনশন প্রত্যাহার করেছেন সোনম ওয়াংচুক?
কেন্দ্রের কাছে একাধিক আশ্বাস পাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে ২৬ দিনের অনশন ভঙ্গ করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।
কেন্দ্রের তরফে কী আশ্বাস দেওয়া হয়েছে?
শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না। পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক স্তরে আলোচনা হবে। এবং পড়ুয়াদের দাবিগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে কেন্দ্র বলে আশ্বাস দিয়েছে।
কী দাবি করছেন সমালোচকরা?
কেন্দ্রের সঙ্গে রফার ভিত্তিতে অনশন ভঙ্গ করেছেন সোনম ওয়াংচুক বলে অভিযোগ করেছেন অনেকেই। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পানীয় নিয়ে কেন অনশন প্রত্যাহার তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
কী জবাব দিয়েছেন সোনম ওয়াংচুক?
শুক্রবার রাতে ভিডিয়ো বার্তায় সেই সমস্ত কটাক্ষের জবাব দিয়েছেন সোনম ওয়াংচুক। কোনও রকম রফা হয়নি বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁকে কি কারোর কাছ থেকে সততা এবং চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে হবে তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি।