• পঞ্চায়েত আইনে বদল, স্বাগত জানাচ্ছেন শমীক
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত আইনে বদল আনার কথা ঘোষণা করেছে৷ এ বার পঞ্চায়েতে আর একচ্ছত্র ক্ষমতা থাকবে না পঞ্চায়েত প্রধানদের হাতে৷ যে কোনও উন্নয়নমুখী প্রকল্পে প্রধানদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদেরও অনুমোদন প্রয়োজন হবে৷ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেন বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য৷ শুক্রবার দিল্লিতে তিনি বলেন, ‘সরকারের যেটা কাজ সেটা করছে৷ প্রান্তিক মানুষ যাতে অবহেলিত না হন, তাঁরা যাতে প্রতারিত না হন, তা আমাদের সরকার দেখছে৷’

    শমীকের সংযোজন, ‘আমাদের পার্টি অবস্থানগত ভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে৷ রাজনৈতিক, প্রশাসনিক বা অর্থনৈতিক সব ক্ষমতার ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য৷ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মূল লক্ষ্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ৷ সেই ক্ষমতা যদি কারও কুক্ষিগত হয়ে যায়, তা হলে সার্বিক ভাবে গান্ধীজির স্বপ্ন বা পঞ্চায়েত ব্যবস্থার স্বপ্ন বা রাজীব গান্ধী যে আইন করেছিলেন, কোনওটাই প্রাসঙ্গিক থাকতে পারে না৷ দুর্নীতিকে বন্ধ করতেই হবে, তৃণমূল স্তরে এবং উপরের স্তরে৷’

    সম্প্রতি শুভেন্দু অধিকারী এক্স–এ একটি ঘটনার উল্লেখ করেছেন, যেখানে লরির চালকদের থেকে পুলিশ ২২ হাজার টাকা ঘুষ চেয়েছে। সেই প্রসঙ্গে শমীক বলেন, ‘পুলিশমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যখন বলছেন পুলিশ ঘুষ নিচ্ছে, তখন তিনি চেষ্টা করছেন৷ তিনি কিছু লুকোননি৷ সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে পরিচ্ছন্ন ভাবে গোটা বিষয়টিকে মানুষের সামনে এনেছেন৷ তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পার্টি এটা বিশ্বাস করে৷ যার বিরুদ্ধেই অভিযোগ উঠুক না কেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জি়রো টলারেন্স৷’ শমীকের কথায়, মুখ্যমন্ত্রী সেটা বোঝেন এবং ব্যবস্থা নিচ্ছেন বলে পার্টি সবসময়ে তাঁর সঙ্গে আছে৷

    সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার আমতলায় পার্টি অফিস ভাঙা নিয়ে নতুন করে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে শমীকের কটাক্ষ, ‘মৃত মানুষের চুল ছিঁড়ে কি তাঁর ওজন কমানো যায়?মনে রাখতে হবে আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর গুরুত্বপূর্ণ ব্যক্তি নন৷’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘ইডি-সিবিআই খাঁচায় বন্ধ তোতা নয়৷ এটা ইউপিএ সরকার নয়৷ এটা বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, শ্যামাপ্রসাদের সরকার৷’

  • Link to this news (এই সময়)