• ভিন ধর্মে বিয়ে! চলবে না, নিদান খাপ পঞ্চায়েতের
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • অমিত চক্রবর্তী

    দু’জনে ভিন ধর্মী। সেটা ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়নি। ১৫ বছরের প্রেমকে পরিণতি দিতে বিয়ের সিদ্ধান্ত নেন হাওড়ার উলুবেড়িয়ার এই তরুণ–তরুণী। ছেলেমেয়ের প্রেমে আপত্তি জানায়নি দুই পরিবারও। কিন্তু এলাকার মোড়লদের তা সহ্য হবে কেন? স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের নোটিস দিতেই তা জানাজানি হয়ে যায়। অভিযোগ, এরপরেই আসরে নেমে পড়েন পাড়ার মাতব্বররা। শুরু হয় ফতোয়া জারি। একঘরে করে দেওয়ার হুমকি, মেয়ের বাবাকে ভয় দেখিয়ে জোর করে থানায় নিয়ে গিয়ে ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের, মুচলেকা লেখানো— বাদ যায়নি কিছুই। ছেলের বাড়িকেও হুমকি সইতে হয়। পুলিশের কোনও সাহায্যই পাননি বলে অভিযোগ করছেন তরুণ প্রেমিক–প্রেমিকা। তাই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সোমবার সেই মামলার শুনানি।

    দুই পরিবারকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এ ভাবেই প্রাণের ভয়ে প্রায় মাসখানেক কাটাচ্ছে উলুবেড়িয়ার দু’টি পরিবার। অভিযোগ, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে নোটিস দেওয়া হয়েছে জানতে পেরেই মাঠে নেমে পড়ে এলাকার কিছু লোক। কয়েকজন তা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে তরুণীকে নিয়ে নানা গুজব ছড়ানোরও অভিযোগ ওঠে। তরুণীর দাবি, তিনি ই–মেল করে দু’বার উলুবেড়িয়া থানাকে গোটা বিষয়টি জানিয়েছেন। কিন্ত কোনও সাহায্যই পাননি। তাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

    তরুণীর অভিযোগ, কথায় কাজ না হওয়ায় সালিশি বসে। প্রায় ৫০ জন মতো সেখানে ছিলেন। সেখানে তাঁর বাবাকে সাদা কাগজে লেখানো হয়, ভিন ধর্মের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না। তবেই এলাকায় ব্যবসা করতে পারবেন। তাঁদের কেউ একঘরে করবে না। তরুণীর অভিযোগ, এই সালিশি সভা যখন চলছিল, তখন সেখানে ছিলেন উলুবেড়িয়া থানার এক পুলিশ অফিসারও। বিয়ে আটকাতে ছেলের বাড়ির লোকজনকে দিয়েও মুচলেকা লেখানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ।

    পুলিশের থেকে কোনও নিরাপত্তা না পেয়ে শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করেছেন বলে জানান ওই তরুণ ও তরুণী। এ দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁদের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও বদরুল করিম অভিযোগ করেন, বারংবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও পদক্ষেপই করছে না। ফলে নিরাপত্তা পেতে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত আগামী সোমবার মামলাটি শুনানির আশ্বাস দেয়।

    এ দিকে বুধবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাঁদের বিয়ে হওয়ার কথা। নিরাপদে রেজিস্ট্রিটা সারতে চাইছেন প্রেমিক যুগল।

  • Link to this news (এই সময়)