এই সময়, কালনা: পূর্ব বর্ধমানের রায়নার সুবলদহ গ্রামে বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক ভিটে রয়েছে। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সেখানে একটি পাবলিক টয়লেট বা গণশৌচাগার তৈরি করা হয়েছে। এই নিয়ে বিধানসভায় সরব হয়েছেন পূর্বস্থলী উত্তরের বিজেপি বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। মহান বিপ্লবীর প্রতি এই ধরনের আচরণকে ‘মহাপুরুষের চরম অপমান’ বলে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় পর্যটন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখার সময় গোপাল চট্টোপাধ্যায় বলেন, ‘অবাক হয়ে যাবেন তৃণমূল কংগ্রেসের সরকারের সংস্কৃতির মূল্যায়ন দেখে। রাসবিহারী বসুর বাড়ি যেখানে সেখানে তৃণমূল সরকার কী করেছে জানেন? সরকার সেই বাড়িটাকে একটা পাবলিক টয়লেট বানিয়েছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেস সরকারকে।’ এর পরেই তিনি উপস্থিত পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষকে অনুরোধ জানিয়ে বলেন, ‘১৫ অগস্টের মধ্যে বুলডোজ়ার দিয়ে ওই গণ-টয়লেট ভেঙে সেখানে উপযুক্ত স্মৃতিসৌধ বা কিছু করার ব্যবস্থা করা হোক। এত বড় মহাপুরুষের এত বড় অপমান তৃণমূল ছাড়া কেউ করেনি।’
শুক্রবার এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে গোপাল বলেন, ‘আমি যখন জেলা বিজেপির সভাপতি ছিলাম, ২০২২-এর ১৫ অগস্ট রায়নার সুবলদহ গ্রামে রাসবিহারী বসুর পৈতৃক ভিটেতে গিয়েছিলাম। তখনই এই বিষয়টি দেখে অবাক হয়ে যাই। ফেসবুক লাইভ করে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু তৎকালীন প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন আমি নিজে একজন বিধায়ক এবং রাজ্যে আমাদের সরকার। তাই এই বিষয়টি বিধানসভায় তুলে ধরেছি। যেখানে সৌধ করার কথা, সেখানে পাবলিক টয়লেট কোনও ভাবেই মানা যায় না।’
বিধায়ক জানান, তাঁর এই প্রতিবাদের পরে বিধানসভাতেই তাঁর সামনে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন।