এই সময়: কলকাতার সরকারি সুপার স্পেশালিটি স্তরের মেডিক্যাল কলেজ হাসপাতালের চাপ কমাতে এবং জেলার মানুষকে বাড়ির কাছেই উন্নততর চিকিৎসা পরিষেবা দিতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচটি নতুন সুপার স্পেশালিটি বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবার জারি করা এক নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, সাধারণ মানুষের নাগালের মধ্যে সুপার স্পেশালিটি চিকিৎসা পৌঁছে দেওয়া এবং কলকাতাভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠানে রোগী রেফারালের সংখ্যা কমাতেই এই উদ্যোগ।
সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ হিসেবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নতুন বিভাগগুলি চালু করার সিদ্ধান্ত হয়েছে। যে নতুন পাঁচটি বিভাগ চালু হচ্ছে, সেগুলি হলো— কুড়ি শয্যার নিউরো–মেডিসিন, কুড়ি শয্যার নেফ্রোলজি, ক্রিটিক্যাল কেয়ার ব্লকে কুড়ি শয্যার নিউরো সার্জারি, দশ শয্যার কার্ডিয়োথোরাসিক ভাস্কুলার সার্জারি (সিটিভিএস) এবং কার্ডিয়োলজি বিভাগ। কার্ডিয়োলজির জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লকে কুড়িটি শয্যার পাশাপাশি আইসিসিইউতে আরও দশটি শয্যার ব্যবস্থা থাকবে।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, মেডিক্যাল কলেজের বর্তমান অনুমোদিত পরিকাঠামোর মধ্যেই এই বিভাগগুলি গড়ে তোলা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও পাঠানো হয়েছে। স্বাস্থ্য মহলের মতে, মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলার বহু রোগীকেই এতদিন জটিল হৃদরোগ, স্নায়ুরোগ, কিডনি বা নিউরো সার্জারির চিকিৎসার জন্য কলকাতায় পাঠাতে হতো। নতুন বিভাগগুলি চালু হলে মুর্শিদাবাদ জেলার পাশাপাশি লাগোয়া জেলাগুলির রোগীরাও স্থানীয় স্তরেই উন্নততর চিকিৎসার সুযোগ পাবেন। একই সঙ্গে এসএসকেএম, আরজি কর, এনআরএস, ন্যাশনাল, কলকাতা মেডিক্যাল কলেজ-সহ কলকাতার বড় সরকারি হাসপাতালগুলিতে রোগীর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।