পুজোর আগেই বদলে গেল ৮৫০ পরিবারের ভাগ্য, ফিরল কাজের সুযোগ! কোন মন্ত্রে কাটল অচলাবস্থা?
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
পুজোর মুখেই অবশেষে হাসি ফুটল মিল কর্মচারীদের মুখে! দীর্ঘ ৮ মাস পর খুলল বালির মহাদেও জুট মিলের বন্ধ দ্বার। কাজে ফেরার স্বস্তিতে মেতে উঠলেন মিলের শ্রমিকরা। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল এই মিল। তালা ঝুলতেই কার্যত অন্ধকারে ডুবে যায় প্রায় ৮৫০ জন শ্রমিকের পরিবার। এক লহমায় কাজ হারিয়ে থমকে গিয়েছিল জীবন। সংসার চালানো থেকে সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো, সবই হয়ে উঠেছিল এক দুশ্চিন্তার পাহাড়।
অবশেষে সেই অচলাবস্থা কাটল। মিল চালুর জোরাল দাবিতে শ্রমিকেরা বালি কেন্দ্রের বিধায়ক সঞ্জয় সিং-এর দ্বারস্থ হন। শ্রমিকদের এই দুর্দিনের কথা ভেবে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এরপর গত দু’দিন আগে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের মন্ত্রী অর্জুন সিং-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনার পর মিলটি পুনরায় খোলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। ৮ মাস পর মিলের গেট খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ে এক আনন্দঘন পরিবেশ।
হাতে কাজ পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন শ্রমিকরা। ৮৫০ পরিবারের উদ্বেগ এক নিমেষে যেন উবে গিয়েছে। এই খুশিতে একে অপরকে মিষ্টি খাইয়ে ও আবির মেখে উদযাপনে মেতে ওঠেন কর্মীরা। বিধায়ক সঞ্জয় সিং জানান, উৎসবের দিনগুলিতে একসময় মানুষ কাজ হারাত, আর আজ পুজোর আগেই শ্রমিকের হাতে কাজ ফিরে এল। এই ইতিবাচক বদলই হল প্রকৃত উন্নয়ন। হাওড়া জেলায় গত কয়েক বছরে একাধিক মিলের দরজা বন্ধ হয়েছে।
যে কতগুলি মিল চলেছে অধিকাংশ মিলের কাজের পরিধি কমেছে, কমেছে শ্রমিক সংখ্যা। সেই দিক থেকে পুনরায় মিল চালু হওয়ার ঘটনা খুব কম। এবার রাজ্যে নির্বাচনের আগে এই মিল বন্ধ হয়েছিল, পালা বদলের পর বন্ধ সেই মিলের দরজা খুলল। তাতে এক সঙ্গে প্রায় ৮৫০ মানুষ কাজ ফিরে পেলেন। তাতে খুশি স্থানীয় মানুষজনও।