• আজও তুমুল বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় দুর্যোগ?
    আজ তক | ২৫ জুলাই ২০২৬
  • বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি দেখছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। একই হাল উত্তরবঙ্গেরও। আর শনিবারও এমন আবহাওয়াই থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বা আইএমডি কলকাতা। তাদের স্পষ্ট ঘোষণা, আজ কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও ভারী বর্ষণের আশঙ্কা কিছুটা কম রয়েছে উত্তরবঙ্গে।

    আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দিনভর আকাশ মেঘলা থাকতে পারে। পাশাপাশি দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান হয়েছে। 

    রয়েছে অ্যালার্ট
    পরপর কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আর সেই ট্রেন্ড আজও বজায় রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনাও প্রবল। যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি?
    এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেমি।

    এছাড়া হাওড়া, নদিয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ,  উত্তর ২৪ পরগনা,  বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়াতেও খেলা দেখাতে পারে বর্ষা। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
    বেশ কয়েক দিন ধরেই কলকাতার আকাশ মেঘলা। আর সেই ধারা আজও বজায় থাকতে পারে। এছাড়া মাঝে মধ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষত, দুপুরের পর খেলা দেখাতে পারে বর্ষা। এই সময় ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ ভারী বৃষ্টির হতে পারে। তাই আজ রাস্তায় বেরলে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। 

    কতদিন দুর্যোগ? 
    দক্ষিণবঙ্গে রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। কিন্তু এখনও আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

    উত্তরবঙ্গে আজ কী হবে? 
    শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। যদিও আগামিকাল থেকেই আবার আবহাওয়া বদলে যাবে। রবিবার, ২৬ জুলাই থেকে বুধবারের পর্যন্ত পাহাড়ের উপরের দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    নির্দিষ্ট করে বললে, আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর একটু নীচের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বৃষ্টির পরিমাণ কম থাকবে।

     
  • Link to this news (আজ তক)