• বিশ্বকাপ ফাইনালেই কি দেশের হয়ে শেষ ম্যাচ খেললেন মেসি?
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • এই সময়: বিশ্বকাপ ফাইনালেই কি দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি? কোনও ঘোষণা তিনি না করায়, এই জল্পনা চলছিলই। আর্জেন্তিনীয় মিডিয়ার দাবি, আর কয়েক মাস পরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মেসি।

    ফাইনালের পরে টিমের সঙ্গে দেশে ফেরেননি। একটি আর্জেন্তিনীয় মিডিয়া জানায়, আলাদা রোসারিওর বাড়িতে ফিরেছেন তিনি। তারপর থেকেই মিডিয়ায় প্রকাশিত হচ্ছিল নানা রকম খবর। কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ার দাবি, এখনই অবসর ঘোষণা করবেন না মেসি। আগামী কয়েক মাস তিনি খেলবেন দেশের হয়ে। তার পরে হবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে আগামী বিশ্বকাপ বা এমনকি আগামী কোপা আমেরিকাতেও খেলবেন, এ রকম সম্ভাবনা প্রায় নেই।

    আর্জেন্তিনার ফুটবল ফেডারেশনও ভাবনা চিন্তা করছে মেসির জন্য বিরাট মাপের ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের। অনেক সময়েই বড় মাপের তারকারা স্রেফ একটি বিবৃতি দিয়ে অবসর নিয়েছেন। সে রকমটা মেসির ক্ষেত্রে হোক, চায় না সে দেশের ফেডারেশন। নিকোলাস ওতামেন্দি বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করেছেন। ফাইনাল শেষে মারামারিতে জড়িয়ে পড়া বিতর্কিত মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও ভাবছেন দেশের জার্সি খুলে রাখার কথা। ফেডারেশনের ধারণা, এই অবস্থায় ভবিষ্যতের জন্য জুনিয়রদের তৈরি করতে জাতীয় টিমে মেসির উপস্থিতি জরুরি হতে পারে।

  • Link to this news (এই সময়)