ফের শুরু হলো অমরনাথ যাত্রা। প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে টানা ছয় দিন স্থগিত ছিল অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। তবে আবহাওয়ার কিছুটা স্বাভাবিক হতেই শনিবার থেকে যাত্রার অনুমতি দেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে। এ দিন জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কমপক্ষে ছয় হাজার পুণ্যার্থী কাশ্মীর উপত্যকার বালতাল বেস ক্যাম্পের দিকে রওনা দিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোট ৬,২৬৯ জন পুণ্যার্থী বালতাল বেস ক্যাম্পের দিকে রওনা হয়েছেন। এই দলে প্রায় ১,৪৭০ জন মহিলা, ২৫ জন শিশু এবং ৫৪ জন সাধু রয়েছেন। উধমপুর এবং রামবান এলাকার একাধিক জায়গায় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই রাস্তা পরিষ্কার হতেই আবার যাত্রা শুরু হয়েছে।
অনন্তনাগের পহেলগাম এবং গান্দারবাল জেলার বালতাল—এই দুই মূল রুটে প্রবল বৃষ্টির জন্য পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আবহাওয়ার পরিস্থিতি কিছুটা ভালো হতেই জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ফের গাড়ি চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৫৭ দিনের এই যাত্রা চলবে ২৮ অগস্ট পর্যন্ত। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করে ফেলেছেন। যার মধ্যে বেশির ভাগ যাত্রী জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরো রাস্তায় কড়া পুলিশি পাহারা ও সশস্ত্র বাহিনীর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
শনিবার থেকে ফের অমরনাথ যাত্রা শুরু হয়েছে।
প্রবল বৃষ্টি, ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৯ জুলাই থেকে যাত্রা স্থগিত করা হয়েছিল।
শনিবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে মোট ৬,২৬৯ জন পুণ্যার্থী রওনা দিয়েছেন।
চলতি বছরের ৩ জুলাই শুরু হওয়া ৫৭ দিনের অমরনাথ যাত্রা ২৮ অগস্ট পর্যন্ত চলবে।