সেবাশ্রয় ঘিরে ফের FIR দায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, ডায়মন্ড হারবারের পৈলান এলাকার একটি রিসর্ট দখল করে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। শনিবার রিসর্টের পক্ষে সমীরণ রায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সেবাশ্রয় শিবিরের জন্য ৪০ দিন তাঁদের রিসর্ট বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। আরও অভিযোগ, শিবির চলাকালীন চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়া এবং যাতায়াতের সমস্ত খরচ রিসর্ট কর্তৃপক্ষকেই বহন করতে হয়েছে। ফলে পর্যটনের মরশুমে ঘরও ভাড়া দিতে না পেরে ওই রিসর্টের বড় আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন আপ্তসহায়ক সুমিত রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল ক্রমাগত রিসর্টের মালিককে চাপ দিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ রয়েছে। অভিযোগ, সেবাশ্রয় চলাকালীন শিবির পরিচালনার জন্য অতিরিক্ত অর্থও আদায় করা হয়েছিল রিসর্ট কর্তৃপক্ষের কাছ থেকে। এমনকী, টাকা না-দিলে রিসর্ট ভাঙচুর করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ।
রিসর্ট কর্তৃপক্ষের আরও দাবি, সেবাশ্রয় শিবির চলাকালীন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে তাঁদের। অভিযোগকারী সমীরণ রায় জানিয়েছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। কিন্তু রাজ্যে পালাবদলের পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সমীকরণের অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য একটি রিসর্ট দীর্ঘদিন ব্যবহার করা, আর্থিক ক্ষতি এবং তোলাবাজির অভিযোগ নিয়ে FIR দায়ের হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায় এবং প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
তাঁদের দাবি, প্রায় ৪০ দিন রিসর্ট বন্ধ রাখতে বাধ্য করা হয় এবং চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়ার খরচও তাঁদেরই বহন করতে হয়েছে।
রিসর্ট কর্তৃপক্ষের দাবি, এই ঘটনায় তাঁদের প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।