গাড়ি থামালেই ধরা পড়বেন খাঁচায়! মূর্তি নদীর নয়া সেতুতে ‘এআই’ চোখ, কেন এমন পদক্ষেপ? জানুন
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
: মূর্তি নদীর নতুন সেতুতে ওঠার আগেই সাবধান! এই পথে সর্বক্ষণ আপনাকে নজরবন্দি রাখা হচ্ছে? ভাবছেন কে নজর রাখছে? চালকদের গতিবিধি ও নজরদারি চালাতে জঙ্গলে এবার বসছে এআই চোখ! উত্তরবঙ্গের পর্যটকদের অত্যন্ত প্রিয় গরুমরা বনাঞ্চল সংলগ্ন মূর্তি নদী এলাকা। দীর্ঘ বহু বছর বন্ধ থাকার পর অবশেষে উন্মুক্ত হতে চলেছে মূর্তি নদী সেতু থেকে খুনিয়া মোড় পর্যন্ত যাওয়ার বহু প্রতীক্ষিত ঐতিহাসিক জঙ্গল পথটি। তবে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেই বন্যপ্রাণী ও জঙ্গল সুরক্ষায় আধুনিক প্রযুক্তিগত পদক্ষেপ নিল বন দফতর। এখন থেকে এই পুরো জঙ্গল পথ জুড়ে বসতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর অত্যাধুনিক ক্যামেরা।
গরুমারা ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, সেতু উদ্বোধনের দিন থেকেই বন দফতরের নিজস্ব উদ্যোগে এই এআই ক্যামেরা প্রযুক্তি সক্রিয় করে দেওয়া হবে। কেন এই বিশেষ নজরদারি? জানেন? আসলে দীর্ঘদিন রাস্তাটি বন্ধ থাকলেও বন্যপ্রাণীদের চলাচলের স্বাভাবিক রুট বা অভ্যাসের কোনও পরিবর্তন হয়নি। তারা প্রতিদিন নিয়ম করে এই রাস্তা দিয়ে পারাপার করে। বন দফতরের প্রাথমিক আশঙ্কা, বহু বছর পর রাস্তাটি খুলে গেলে বন্যপ্রাণীদের ক্ষতি করতে সক্রিয় হয়ে উঠতে পারে চোরাশিকারিরা। তারা জঙ্গলের আনাচে-কানাচে পেতে রাখতে পারে ফাঁদ। পাশাপাশি বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা নিয়ম ভেঙে জঙ্গলে গাড়ি দাঁড় করিয়ে ছবি তোলার প্রবণতাও তৈরি হতে পারে।
কীভাবে কাজ করবে এই এআই ক্যামেরা? জানা যাচ্ছে, গাছে বা নির্দিষ্ট সংবেদনশীল স্থানে বসানো এই এআই ক্যামেরাগুলি সাধারণ সিসিটিভির চেয়ে বহুগুণ শক্তিশালী। দ্রুতগামী গাড়ির নম্বর প্লেট স্পষ্ট পড়ার পাশাপাশি গাড়িটির গতিবেগ নিখুঁতভাবে মাপবে। জঙ্গলপথে কোনও গাড়ি অনভিপ্রেতভাবে দাঁড়ালে কিংবা কেউ পায়ে হেঁটে জঙ্গলে প্রবেশের চেষ্টা করলে নিমেষেই তার ছবি তুলে নেবে এই ক্যামেরা। মোশন ও ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে এআই প্রযুক্তি মুহূর্তের মধ্যে মানুষ ও বন্যপ্রাণীর চলাচলের পার্থক্য চিহ্নিত করতে পারে।
সবচেয়ে অবাক করা বিষয় হল কোনও অনিয়ম বা সন্দেহজনক গতিবিধি ধরা পড়া মাত্রই ক্যামেরা বনকর্মীদের ডিভাইসে তাৎক্ষণিক ‘অ্যালার্ট’ বা সতর্কবার্তা পাঠাবে। প্রযুক্তির এই আধুনিক এআই বর্ম উত্তরবঙ্গের জঙ্গল ও বন্যপ্রাণী রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে , এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।