অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। বলেছেন, ‘চিটিংবাজ ভাইপো যা করেছে, এক বার ঢুকলে বেরোতে পারবে না। খুনের মামলা। কেউ ওকে বাঁচাতে পারবে না।’
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেবাশ্রয়ে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। শুভেন্দুর কথায়, ‘একটা বড় স্ক্যাম সামনে এসেছে। ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। একাধিক এফআইআর হয়েছে। মেডিক্যাল ক্যাম্পে যে দুর্নীতি করেছে ভাইপো আর তার শাগরেদরা, তাদের কাউকে ছাড়া হবে না। সময় কথা বলবে। আমরা আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছি। সমস্ত তথ্যপ্রমাণ জোগাড় করে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে পদক্ষেপ হবে।’
সেবাশ্রয়ে ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগীই শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই সব রোগীদের ছবি (মুখ অস্পষ্ট করে দেওয়া) শনিবার বিধানসভা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘দেখুন কী ভাবে ক্ষতি করেছে এই চিটিংবাজটা। দেখুন বাচ্চাটার হাত গিয়েছে। দেখুন আর একটা বাচ্চাকে কী ভাবে বিকলাঙ্গ করেছে। এই দিদির পা-টা গিয়েছে দেখুন।’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, আলট্রাসোনোগ্রাফি-এক্স রে মেশিন, ওষুধ, এমনকী সরকারি হাসপাতালের ডাক্তারদেরও বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই বেশ কিছু আলট্রাসোনোগ্রাফি-এক্স রে মেশিন উদ্ধার হয়েছে। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন থেকে উদ্ধার হওয়া ওষুধও বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে রোগীদের। সব কটাকে তুলব। সেবাশ্রয় ক্যাম্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতিটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। এফআইআরে অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এখানে বলছি না। সিআইডি-এসটিএফ, মেডিক্যাল এক্সপার্ট নিয়ে ব্যাপক অভিযান চলছে।’ সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীকে লেখা চিকিৎসক রাজীব বিশ্বাসের একটি চিঠিও বিধানসভায় পড়ে শুনিয়েছেন শুভেন্দু।