• ঝালমুড়ি বিক্রেতার বিরুদ্ধে ক্লাস ওয়ানের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
    আজ তক | ২৫ জুলাই ২০২৬
  • টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এক সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মালদার হরিশচন্দ্রপুরে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী এক ব্যক্তিকে।  হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি  গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবার।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তকিমুদ্দিন। সে নির্যাতিতা শিশুর প্রতিবেশী। স্থানীয় সূত্রে খবর, শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় অভিযুক্ত শিশুটির হাতে চার টাকা খুচরো পয়সা তুলে দিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গোটা ঘটনা পরিবারকে জানায়। 

    শিশুর শারীরিক পরীক্ষায় নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পরিবার। নির্যাতিতার মা জানান, অভিযুক্ত ব্যক্তি গ্রামে গ্রামে ঝালমুড়ি বিক্রি করে বেড়ায়। ঘটনার সময় বাড়ি ফাঁকা ছিল, আর সেই সুযোগে মেয়েকে প্রলোভন  দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। তিনি বলেন, "মেয়ে বর্তমানে আতঙ্কে রয়েছে এবং শারীরিক অস্বস্তিতে ভুগছে।"

    ঘটনার পরই পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

     
  • Link to this news (আজ তক)