টালিগঞ্জের কলেজে ১০০ কোটির তছরুপ! প্রাক্তন বামনেতার গ্রেপ্তারির দাবিতে বিধানসভায় সরব পাপিয়া
প্রতিদিন | ২৫ জুলাই ২০২৬
টালিগঞ্জের কলেজে কোটি কোটি টাকার দুর্নীতি সামনে এসেছিল কয়েকবছর আগেই। দুর্নীতি নিয়ে তদন্ত কমিশন গঠন করেছিল রাজ্য সিপিএম। সেই রিপোর্টের ভিত্তিতে দুই বাম নেতা গৌতম ও পার্থকে বহিষ্কার করেছিল দল। এবার সিপিএমের পরিচালন সমিতির সম্পাদক গৌতমকে গ্রেপ্তারের দাবিতে বিধানসভায় সরব টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী।
বিধানসভায় বাজেট অধিবেশনে পাপিয়া বলেন, “টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়েছিল ২০০৩ সালে। সম্ভবত, প্রায় ১০০ কোটি টাকার গরমিল হয়েছে।” এই অভিযোগের পাশাপাশি বিধায়ক দাবি করেন, “ওই কলেজের পরিচালন সমিতির সম্পাদক গৌতমকে গ্রেপ্তার করা হোক। তবে কলেজটা বেঁচে যাবে।”
দলীয় স্তরে গৌতমের বিরুদ্ধে যে সব অভিযোগ ছিল, এদিন বিধানসভায় সেগুলি তুলে ধরেন পাপিয়া অধিকারী। তার মধ্যে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ জমা না দেওয়া এবং অবসরের পর কর্মীদের প্রাপ্য গ্র্যাচুইটি না দেওয়া অভিযোগও তোলেন তিনি। উল্লেখ্য, সিপিএম নেতা প্রয়াত প্রশান্ত কুমারের খাস লোক ছিলেন গৌতম। যে সময় দল তাঁকে বহিষ্কার করে, সেই সময় সিপিএমের টালিগঞ্জ-১ এরিয়া কমিটির সম্পাদক ছিলেন তিনি। পাপিয়া এদিন দাবি করেন, সিপিএমে গৌতমকে নিয়ে তেমন কোনও আগ্রহ নেই, কারণ আগেই দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।