খেলার মাঠে নকল ‘মেডিক্যাল কলেজ’! ফলতায় অভিষেকের ‘সেবাশ্রয়’-এর কাঠামো সরাতে প্রয়োজন ২৪ লক্ষ
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
: সেবাশ্রয়ের কাঠামোয় অবরুদ্ধ হয়ে আছে মাঠ। ফলতার মাঠে এমনই নকল কাঠামোর হাসপাতাল নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতেই। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও ফলতার হরিণডাঙা বিডিও অফিস সংলগ্ন মাঠে শিবিরের অস্থায়ী কাঠামো এখনও অপসারণ করা হয়নি। ফলে এলাকার অন্যতম বৃহৎ খেলার মাঠের বড় অংশ কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে।
মাঠে পড়ে থাকা বিশাল কাঠামো সরাতে জেলা প্রশাসনের প্রায় ২৪ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু সেই অর্থ এখনও বরাদ্দ না হওয়ায় কাঠামো অপসারণের কাজ শুরু করা সম্ভব হয়নি। প্রায় ২০০ ফুট লম্বা ও ১৫০ ফুট চওড়া অস্থায়ী কাঠামোটি দীর্ঘদিন ধরে মাঠের বড় অংশ দখল করে রয়েছে। সেই কাঠামোয় আবার লেখা রয়েছে মেডিক্যাল কলেজ কলকাতা। যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর ফলে এলাকার ছেলে-মেয়েরা নিয়মিত খেলাধুলা করতে পারছে না। পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য চাকরির প্রস্তুতিতে যাঁরা প্রতিদিন শারীরিক অনুশীলন করেন, তাঁরাও সমস্যার মুখে পড়েছেন। ক্রিকেট ও ফুটবলের প্রশিক্ষণ এবং বড় টুর্নামেন্টের আয়োজনও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, বিডিও অফিস সংলগ্ন এই মাঠই ফলতা বিধানসভা এলাকার একমাত্র বড় খেলার মাঠ। এর কোনও বিকল্প নেই। তাই দ্রুত কাঠামো সরিয়ে মাঠটি খেলাধুলার জন্য খুলে দেওয়ার দাবি উঠেছে।
স্থানীয় বাসিন্দা কল্যাণকুমার দাস ও শুভম হালদাররা বলেন, “আগে প্রতিদিন বহু মানুষ এখানে প্রাতভ্রমণ ও শরীরচর্চা করতেন। বিকেলে মাঠে খেলাধুলার পরিবেশ থাকত। সেবাশ্রয় শিবির অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু কাঠামো এখনও পড়ে থাকায় সবকিছুই বন্ধ হয়ে রয়েছে। দ্রুত মাঠ খালি করে দেওয়া হোক”।
বিধায়ক দেবাংশু পণ্ডা বলেন, “সেবাশ্রয় নিয়ে যন্ত্রণার শেষ নেই। এখনও মাঠ অবরুদ্ধ হয়ে রয়েছে। এখন মাঠ খালি করতে লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। ভাইপোর জন্যই সবাইকে ভুগতে হচ্ছে। বিষয়টি বিধানসভায় তুলেছি। আশা করি মুখ্যমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।” স্থানীয় বাসিন্দারাও এই কাঠামো সরিয়ে ফেলা হোক সেটাই চাইছেন।