হঠাৎ হুড়মুড় করে শব্দ...! মর্মান্তিক পরিণতি তিন পরিযায়ী শ্রমিকের, কাজের জায়গায় কী হয়েছিল?
News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! টাওয়ার নির্মাণের সময় দুর্ঘটনায় প্রাণ গেল মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। চরম মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানী ও সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, রাজস্থানে টাওয়ার নির্মাণের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালদহের তিন পরিযায়ী শ্রমিকের। শনিবার তাঁদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন।
গোটা এলাকায় নেমে আসে শোকের আবহ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকদের নাম মুরসালিম হক (২৪), পাঁচু সেখ (২৮) এবং রুহুল সেখ (২০)। মুরসালিম হক মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বালুয়াটোলা গ্রামের এবং পাঁচু সেখ নতুনটোলা গ্রামের বাসিন্দা। অপরদিকে রুহুল সেখ সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সাকোরমা গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জীবিকার সন্ধানে প্রায় দেড় মাস আগে তিন যুবক রাজস্থানে শ্রমিকের কাজে যান। সেখানে একটি টাওয়ার নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তাঁরা। গত বুধবার নির্মাণকাজ চলাকালীন আচমকাই টাওয়ারের একটি অংশ ভেঙে পড়ে।
সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার তাঁদের নিথর দেহ নিজ নিজ গ্রামে পৌঁছায়। নিথর দেহ পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে সংশ্লিষ্ট গ্রামগুলি। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। অল্প বয়সে পরিবারের একমাত্র বা প্রধান রোজগেরে সদস্যদের হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তাঁদের স্বজনেরা। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, “জেলায় পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব থাকায় বহু যুবক জীবিকার তাগিদে ভিনরাজ্যে পাড়ি দেন।
কিন্তু কাজ করতে গিয়ে এভাবে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। জেলায় পর্যাপ্ত কর্মসংস্থান থাকলে হয়ত তাঁদের এত দূরে যেতে হত না।” তিন পরিযায়ী শ্রমিকের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাঁদের জন্য উপযুক্ত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় আবারও পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং কর্মসংস্থানের প্রশ্ন সামনে উঠে এসেছে।